ভারতীয় সিনেমা জগতের জন্য একটি বিশেষ খবর। অস্কার অ্যাকাডেমির ডাক পেলেন কমল হাসান ও আয়ুষ্মান খুরানা। বৈচিত্রে ভরা মর্মস্পর্শী অভিনয়ের জন্য বিখ্যাত কমল। আর আয়ুষ্মান খুব দ্রুত হলিউডের অন্যতম বিখ্যাত সংস্থা ‘অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স এন্ড সাইনসেজ’ অর্থাৎ অস্কার অ্যাকাডেমির সদস্যপদ পেতে চলেছেন। হলিউডের এই সংস্থা দুই অভিনেতাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের সদস্যপদ গ্রহণের জন্য। এই আমন্ত্রণ শুধু দুই অভিনেতার জন্যই নয়, বরং ভারতীয় সিনেমা জগতের জন্য বিরাট প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। কারণ গোটা পৃথিবীর সিনেমা জগতের কলাকুশলীদের কাছে অস্কার অ্যাকাডেমির বিশেষ স্থান।
দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডে নিজের বহুমুখী অভিনয় দিয়ে গত চার দশক ধরে সকলের মনে রাজত্ব করে চলেছেন কমল। আবার বলিউডে নিজের জন্য একটু আলাদা ধরণের চরিত্র বেছে নিয়ে তাক লাগিয়েছেন বছরের পর বছর। সমাজের নানা সমস্যার প্রচারমূলক ছবিতেও দক্ষতার সঙ্গে অভিনয়ের মাধ্যমে নিজের আলাদা ছবি গড়ে তুলেছেন আয়ুষ্মান। তাই এই দু’জনের এই বিরাট প্রাপ্তিতে খুশি তাঁদের ভক্তরা। এ বছর অ্যাকাডেমি মোট ৫৩৪ জন নতুন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছে। কমল হাসান, আয়ুষ্মান খুরানা ছাড়াও কাস্টিং ডাইরেক্টর করণ মালি, সিনেমাটোগ্রাফার রণবীর দাস, কস্টিউম ডিজাইনার ম্যাক্সিমা বসু, ডকুমেন্টরি ফিল্মমেকার স্মৃতি মুদরা এবং ফিল্মমেকার পায়েল কাপাডিয়াকেও সদস্য হওয়ার আমন্ত্রণ পাঠানো হয়েছে।
২০২৬ এর ১৫মার্চ আগামী অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে। তার আগে এরা সকলেই যদি সদস্যতা গ্রহণ করেন তাহলে ২০২৫-এ একাডেমির সদস্য সংখ্যা হবে মোট ১১ হাজার ১২০ জন। তবে এদের মধ্যে ১০ হাজার ১৪৩ জন ভোটিং-এ অংশ গ্রহণ করার জন্য উপযুক্ত হিসেবে গণ্য হবেন।
