দিল্লির হাসপাতালে মৃত্যু হল ভারতে আইএস জঙ্গি সংগঠনের প্রধান সাকিব আব্দুল হামিদ নাচনের। বয়স হয়েছিল ৬৭ বছর। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল সাকিবের। শনিবার তাঁর ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয়।
আইএসআইএসে যোগ দেওয়ার আগে নিষিদ্ধ সংগঠন সিমির নেতা ছিল সাকিব। ২০০২-০৩ সালে মুম্বই সিরিয়াল বিস্ফোরণেও অভিযুক্ত ছিল। সেই মামলায় সাকিব এবং তাঁর ভাই ১০ বছরের সাজা কাটার পর ২০১৭-তে জেল থেকে মুক্তি পায়। ২০২৩ সালে আইএসের সঙ্গে যোগ থাকার অভিযোগে মুম্বইয়ের থানের পদগার বাসিন্দা সাকিবকে গ্রেফতার করে এনআইএ। তার পর থেকে সাকিবের ঠিকানা তিহার জেল। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, চলতি সপ্তাহের গোড়ায় ব্রেন স্ট্রোক হয় সাকিবের। তারপর থেকেই অবস্থার অবনতি। প্রথমে দিল্লির দিনদয়াল উপাধ্যায় হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে। শনিবার সেখানেই মৃত্যু।
এনআইএ-এর অভিযোগ, সাকিব ভারতে খলিফা শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কট্টরপন্থী যুবকদের প্রশিক্ষণের কাজ করছিল। যুবকদের জঙ্গি প্রশিক্ষণ, বিভিন্ন স্থানে হামলার ছক কষার কাজে যুক্ত ছিল সাকিব। আইএসআইএস-এর জন্য অর্থ সংগ্রহ, জঙ্গিবাহিনী জোগাড় করার কাজে সিদ্ধহস্ত ছিল সে।
সাকিবের বিরুদ্ধে দেশদ্রোহ-সহ একাধিক কঠোর ধারায় মামলা চলছিল। জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও কমছিল। এই অবস্থায় আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সাকিব। শনিবার মৃত্যু।
