ভারতের জন্য গর্বের মুহূর্ত! ইতিহাস গড়তে চলেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘হলিউড ওয়াক অফ ফেম’-এ দীপিকা! এই তালিকায় ২০২৬ সালের জন্য দীপিকার নাম ঘোষণা করা হয়েছে।
এক লাইভ ইভেন্টের মাধ্যমে হলিউড চেম্বার অফ কমার্স সম্প্রতি ২০২৬ সালের ‘ওয়াক অফ ফেম ক্লাসের’ নাম ঘোষণা করে। দীপিকার পাশাপাশি এই তালিকায় রয়েছেন বিশ্ববিখ্যাত তারকা ডেমি মুর, এমিলি ব্লান্ট, র্যাচেল ম্যাকঅ্যাডামস, র্যামি মালেক, টিমোথি শ্যালামে ও স্ট্যানলি টুচি-র মতো নাম। এই বিশেষ সম্মানের জন্য প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে শত শত প্রার্থী থাকেন। কিন্তু মাত্র হাতে গোনা কয়েক জনের নামই নির্বাচিত হয়। চলচিত্র, টেলিভিশন, মিউজিক, থিয়েটার, স্পোর্টস এই পাঁচটি বিভাগে বিশেষ অবদান রাখা শিল্পীদের মধ্য থেকে বেছে নিয়ে স্থান দেওয়া হয় এই তালিকায়।
দীপিকার হলিউডে যাত্রা শুরু ২০১৭ সালে, ‘এক্সক্সক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে। যেখানে তিনি অভিনয় করেন ভ্যান ডিজেলের বিপরীতে। সেই থেকে তাঁর আন্তর্জাতিক পরিচিতি।
ব্যক্তিগত জীবনেও বেশ সুখী দীপিকা। ২০১৮ সালে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের মাঝে আসে কন্যাসন্তান দুয়া। গত দীপাবলিতে মেয়েকে প্রথম বারের মতো সকলের সামনে আনেন দীপ-বীর জুটি। সম্প্রতি দীপিকাকে দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এ.ডি.’ ছবিতে। ছিলেন প্রভাস ও অমিতাভ বচ্চনের মতো তারকারাও। ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছে। এছাড়া তিনি আরও একটি প্যান-ইন্ডিয়া সিনেমায় কাজ করছেন। পরিচালক অ্যাটলির পরবর্তী প্রজেক্টে অল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে চলেছেন দীপিকা। দীপিকার এই সম্মান আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে গোটা দেশের গর্ব!
