উত্তরপ্রদেশের লখনউ শহরে নির্মীয়মান একটি ওভারব্রিজের অংশ সোজা গিয়ে ঠেকেছে একটি আবাসিক ভবনের গায়ে। সেই দৃশ্যের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ফ্লাইওভারের লোহার রড যেন বাড়ির দেওয়ালের মধ্যে ঢুকে গেছে। এই ঘটনা ঘিরে সাধারণ মানুষ হাসাহাসি করলেও এর পেছনে রয়েছে এক গুরুতর জমি সংক্রান্ত সমস্যা।
জানা গেছে, লখনউয়ের পাড়া অঞ্চলে কৃষ্ণনগর থেকে কেসরি খেড়া পর্যন্ত প্রস্তাবিত রেলওয়ে ওভারব্রিজ-এর নির্মাণকাজ চলছে। ২০২৩ সালের জুলাই মাসে যার শিলান্যাস করা হয় এবং ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় কাজ। প্রায় ৭৪ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে ইন্দ্রলোক কলোনি থেকে কেসরি খেড়া সংযুক্ত হওয়ার কথা ছিল।
কিন্তু কাজ চলাকালীন একাধিক বাড়ি ও দোকান ফ্লাইওভারের রাস্তার মধ্যে পড়ে যায়। অভিযোগ, ওইসব ভবনের মালিকরা এখনও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। ফলে বাধ্য হয়ে নির্মাণ কাজ মাঝপথে থেমে গেছে। যার ফলস্বরূপ একটি অংশ এমনভাবে নির্মিত হয়েছে যে, সেটি একেবারে গিয়ে ঠেকেছে একটি বহুতল আবাসনের গায়ে।
এই দৃশ্য প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান তরুণ লখনউই। তার শেয়ার করা ভিডিও ইতিমধ্যেই ২০ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। অনেকেই মজা করে একে বলছেন “বিশ্বের অষ্টম আশ্চর্য”।
যদিও প্রশাসনের দাবি, ভবন ভাঙার কাজ শুরু হলেই বাকি অংশের নির্মাণ দ্রুত সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ট্রাফিক জ্যামের সমস্যায় ভুগছেন এবং ওভারব্রিজের কাজ সম্পূর্ণ না হওয়ায় তাঁদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। প্রশাসন জানিয়েছে, জমি সমস্যা মিটলেই ফ্লাইওভারের কাজ পুরোদমে শুরু হবে।
