সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করে একটি ফেসবুক পোস্ট করেছিলেন বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহ। যদিও পরে তিনি সেই পোস্ট মুছে ফেলেন। তবে তার পরেও তিনি আরেকটি পোস্ট করে “সত্যের মশাল বহন করা” নিয়ে মন্তব্য করেন। ফের সেই নিয়ে শুরু হয়েছে করে আলোচনা।
তিনি লিখেছেন, “It is almost impossible to carry the torch of truth through a crowd without singeing somebody’s beard.” অর্থাৎ, “জনতার ভিড়ে কাউকে না জ্বালিয়ে, সত্যের মশাল বহন করা প্রায় অসম্ভব।” এই পোস্টের আগে একটি জোরালো বার্তায় দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন করেন নাসিরউদ্দিন শাহ। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘সরদার জি ৩’-তে দিলজিৎ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করেছেন। তাঁর এই সিনেমাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দেশজুড়ে।
নাসিরউদ্দিন শাহ আগের পোস্টে লেখেন,”আমি দিলজিতের পাশে আছি। ‘জুমলা পার্টির’ নোংরা রাজনীতির শিকার হয়েছে ও। সিনেমার কাস্টিংয়ের দায় দিলজিতের নয়, পরিচালকই সেটি নির্ধারণ করেছেন।” যদিও সেই পোস্ট মুছে দেন অভিনেতা। নাসিরউদ্দিন শাহের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। অনেকেই নাসিরউদ্দিন শাহকে সমর্থন করেছেন, আবার অনেকেই তাঁর সমালোচনায় মুখর।
ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝেই ‘সরদার জি ৩’ সিনেমাতে একসঙ্গে কাজ করাকে ঘিরে দিলজিতের বিরুদ্ধে ক্ষোভ ছড়ায়। এমনকি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তাঁর ছবির ওপর নিষেধাজ্ঞার দাবিও তোলে। তারপরেই দিলজিতের পাশে দাঁড়ান নাসিরউদ্দিন। শেষ পোস্টে তিনজ আরও লেখেন, “কেউ জানে না পরিচালক কে, কিন্তু দিলজিৎ বিশ্বজুড়ে পরিচিত। সে মন থেকে বিষ মুক্ত বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে। কিছু মানুষ চায় ভারত-পাকিস্তানের সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাক।” এবার এই বিতর্ক কতদূর গড়ায়, তা সময়ই বলবে।
