‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’ মোদী! নজিরবিহীন সম্মান প্রদর্শন ভারতের প্রধানমন্ত্রীকে
ঘানার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘানা সরকারের পক্ষ থেকে ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’ দেওয়া হল তাঁকে। আন্তর্জাতিক মঞ্চে ভারতের নেতৃত্ব এবং সুদৃঢ় কূটনৈতিক দৃষ্টিভঙ্গিকে সম্মান জানিয়ে ঘানার রাষ্ট্রপতি জন ড্রামানি মহামা বৃহস্পতিবার এই পুরস্কার প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দেন।
পুরস্কার গ্রহণ করে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী। ভাষণে বলেন, “এই সম্মান শুধুমাত্র আমার নয়, এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান। আমি এই পদক উৎসর্গ করছি দেশের তরুণ প্রজন্ম, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও ঘানার চিরন্তন বন্ধুত্বের প্রতি।” এক্স হ্যান্ডেলে ‘নমো’ লেখেন, ‘ঘানার সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত হতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এই সম্মান ভারত-ঘানার সম্পর্ককে আরও গভীর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন দায়িত্ব তুলে দিল আমার হাতে।”
ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া এই সম্মান দুই দেশের ঘনিষ্ঠতা এবং পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপনের মূর্ত প্রতীক। ঘানা ও ভারতের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহ্য ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিন দশক পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সরকারি ভাবে ঘানা সফর করলেন। শুরুতেই দুই দেশের নেতাদের মধ্যে বিস্তৃত আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করে একটি ‘কমপ্রিহেনসিভ পার্টনারশিপ’-এর স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত ছিল ভারতের প্রধানমন্ত্রীর ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অফ ঘানা’ সম্মানে সম্মানিত হওয়া।
