পিতৃহারা হলেন বর্ষীয়ান অভিনেত্রী মন্দাকিনী। ২ জুলাই বাবাকে হারালেন ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ তারকা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন আবেগঘন পোস্ট।
১৯৮৫ সালের জনপ্রিয় ছবি ‘রাম তেরি গঙ্গা ময়েলি’তে অভিনয় করে নজর কেড়েছিলেন সকলের। এই আধুনিক যুগে, সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ারের সংখ্যা নেহাত কম না। তবে সম্প্রতি সেখানে এক দুঃসংবাদ ভাগ করলেন তিনি। ২ জুলাই, বুধবার, বাবা জোসেফকে হারিয়েছেন অভিনেত্রী। সেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন তিনি। বাবার স্মৃতিতে আবেগঘন এক বার্তা লেখেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বাবার একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে হাফ হাতা শার্ট পরে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ় দিয়েছেন নায়িকার বাবা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে… আজ সকালে আমার বাবাকে হারালাম। এই বিদায় যন্ত্রণাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমার অপরিসীম ভালবাসা, সততা আর আশীর্বাদের জন্য ধন্যবাদ বাবা। তুমি চিরকাল আমার হৃদয়ে থাকবে।’ খবর প্রকাশ্যে আসতেই তাঁর পোস্টের কমেন্ট বক্স ভরেছে শোকবার্তায়।
A post shared by Yasmeen Joseph Thakur | Mandakini (@mandakiniofficial)
ইয়াসমিন জোসেফ, জন্মের পর এই নামই রাখা হয়েছিল অভিনেত্রীর। বাবা ব্রিটিশ, মা হিমাচলি। জন্ম মিরাটে। ১৯৯০-এর কাছাকাছি সময় তাঁকে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে দেখা যায় দুবাইয়ে। যা থেকে জল্পনা শুরু হয় তাঁদের প্রেমের। যদিও পরবর্তীকালে তিনি খোলসা করে জানান যে তাঁদের সাক্ষাৎ হলেও ভালবাসা বা প্রেমের কোনও সম্পর্ক ছিল না। তবে এই গুঞ্জন প্রভাব ফেলে তাঁর কর্মজীবনে।
প্রয়াত পরিচালক রাজ কাপুরের সিনেমা ‘রাম তেরি গঙ্গা ময়েলি’তে মুখ্য নারী চরিত্রে অভিনয় করার পর নজরে পড়েন সাধারণ দর্শকের। খ্যাতি অর্জন করেন তিনি। এরপরে আরও বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। তার মধ্যে ‘ডান্স ডান্স’, ‘কাহাঁ হ্যায় কানুন’, ‘পেয়ার করকে দেখো’ উল্লেখযোগ্য। তবে ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ান মন্দাকিনী। যদিও ২০২২ সালে একটি মিউজিক ভিডিয়োয় দেখা যায় তাঁকে। এরপর ২০২৩ সালে অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’য়ে তাঁকে অতিথি হিসেবে দেখতে পাওয়া যায়।
