ষোড়শ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্নে এ বার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন বলিউড তারকা আমির খান। ১৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে উৎসব। চলবে ২৫ অগাস্ট পর্যন্ত। আয়োজকদের তরফেই আমিরের উপস্থিতির কথা ইনস্টাগ্রামে পোস্ট করে জানানো হয়েছে। আমিরের পাশাপাশি অতিথি হিসেবে অভিনেতা ও কমেডিয়ান বীর দাসও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
আইএফএফএম-এর তরফে করা পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘মেলবোর্নে ১৬তম আইএফএফএম-এর জন্য অতিথি হিসেবে আসতে চলা আমির খানকে স্বাগত জানান। ভারতীয় সিনেমায় গল্প বলার ধরনে বদল নিয়ে আসা থেকে শুরু করে বক্স অফিস রেকর্ড ভাঙা এবং প্রতিটি ছবিতে নিজের সৃজনশীল সীমা অতিক্রম করার চেষ্টা — আমির খান এমন এক কিংবদন্তি, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে সিনেপ্রেমীদের গড়ে তুলেছেন।’ এর পরেই ‘গ্লোবাল আইকন’কে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন ২০২৫-এ স্বাগত জানানো হয়েছে, যাঁর প্রভাব ভৌগলিক সীমা, ভাষা এবং ঘরানার পরিধি অতিক্রম করেছে বহুদিনই। আমির খান পরিচালিত, প্রযোজিত ও অভিনীত ছবি ‘তারে জমিন পর’-এর বিশেষ উল্লেখ করা হয়েছে সেখানে।
আইএফএফএম-এর মতে এই ছবি বিশ্বজুড়ে নানা স্কুল ও শিক্ষাকর্মীদের উৎসাহিত করেছে সকল ধরনের ছাত্রছাত্রীদের সমান মনোযোগ দিয়ে পড়াতে ও কাছে টেনে নিতে। বিবিধ শিশুর ক্ষেত্রে পড়া বোঝার, কাজ শেখার বা জীবনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথনির্দেশ দেওয়ার পদ্ধতি যে ভিন্ন হতে পারে, তা জানতে বা বুঝতে উৎসাহিত করেছিল আমিরের সেই ছবি। এশিয়া, বিশেষত চিন ও মধ্য়প্রাচ্য়ে এই ছবি ‘কাল্ট’ হয়ে ওঠে রীতিমতো। এই ছবি অস্কারের মনোনয়নের দৌড়েও ছিল।
কাজের ক্ষেত্রে, আমির খানকে সম্প্রতি দেখা গিয়েছে ‘সিতারে জমিন পর’ ছবিতে যা ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল। আরএস প্রসন্ন পরিচালিত এই ছবি বিশেষ ক্ষমতাসম্পন্নদের নিয়ে তৈরি। যাঁরা একটি বাস্কেটবল কম্পিটিশনে নিজেদের প্রমাণ করতে চান। আর তাঁদের মেন্টরের ভূমিকায় আমির। ইতিমধ্যেই প্রশংসিত হচ্ছে এই ছবি। এছাড়া আমিরকে রজনীকান্তের ‘কুলি’ ছবিতেও দেখতে পাওয়া যাবে। প্রকাশ্যে এসেছে ফার্স্ট লুক পোস্টারও। সাদা কালো পোস্টারে আমির খানের সাইড প্রোফাইল দেখা যাচ্ছে। যা ফ্যানেদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে। আমির ঘোষিত ভাবেই কোনও ‘অ্যাওয়ার্ড শো’-তে যান না। উপস্থিত থাকতে দেখা যায় না কোনও চলচিত্র উৎসবেও। কিন্তু ইদানীং সেই নিয়মে বদল আনছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তারই ঝলক দেখা যাবে মেলবোর্নে।
