এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ‘ফলো অন’ নামক আশঙ্কাটির মেঘ ঘনিয়ে এল ইংরেজদের মাথার ওপর। পরপর দুই বলে জো রুট এবং অধিনায়ক বেন স্টোকসকে ফিরিয়ে দিয়ে তাদের খাদের কিনারে ঠেলে দিলেন এমন এক ভারতীয় বোলার, লিডস টেস্টের পর যাঁর দলে থাকা নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন। মহম্মদ সিরাজ শেষপর্যন্ত অবশ্য নিজের হ্যাটট্রিক পূর্ণ করতে পারলেন না। তবে সকালের প্রথম আধঘন্টায় তাঁর সুইংয়ে ভর করেই এজবাস্টনে চালকের আসনে টিম ইন্ডিয়া।
৭৭/৩ অবস্থায় এদিন সকালে শুরু করেন দুই ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক এবং জো রুট। এরপর মাত্র ৭ রানই জুড়তে পেরেছেন দুজনে। দলীয় ৮৪ রানের মাথায় সিরাজের লেগস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারি গাইড করতে গিয়ে উইকেটের পিছনে পন্থের হাতে ধরা পড়েন রুট। ২২ রান করে মাঠ ছাড়েন ইংরেজ ব্যাটার। এরপর প্রথম বলেই আউট অধিনায়ক বেন স্টোকস। তিনিও ক্যাচ দেন ভারতীয় উইকেট কিপারকে। এই পরিস্থিতিতে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল সিরাজের সামনে। তবে হ্যাটট্রিক বলটি বাউন্ডারিতে পাঠান ইংরেজ ব্যাটার জেমি স্মিথ।
হ্যাটট্রিক করতে না পারলেও এই দুই উইকেটেই ইংরেজদের কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছেন সিরাজ। তারা ফলো অন বাঁচাতে পারবে কি না, এই মুহূর্তে প্রশ্ন সেটাই। প্রথমে ব্যাট করে ভারত তুলেছে ৫৮৭। সুতরাং, ফলো অন বাঁচাতে বেন স্টোকসের দলের প্রয়োজন ৩৮৮। আর এই মুহূর্তে তা কার্যত অসম্ভব বলেই মনে হচ্ছে। যদিও বুমরাহ্-বিহীন ভারতীয় দলের বোলিং নিয়ে আগে থেকে ভবিষ্যদ্বাণী করতে নারাজ যে কোনও বিশেষজ্ঞই।
