হাতে হাত রেখে দাম্পত্যের ২৩ বছর কাটিয়ে ফেললেন তারকা অভিনেত্রী জুলিয়া রবার্টস ও তাঁর স্বামী ড্যানি মডার। এই বিশেষ দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নায়িকা পোস্ট করলেন স্বামীর সঙ্গে না দেখা কিছু ছবি। চিরকালই নিজেদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখেন দম্পতি, তবে এবার অনুরাগীদের জন্য কিছু ছবি শেয়ার করলেন তাঁরা। ঝলক মিলল তাঁদের সুখী দাম্পত্যের।
‘প্রিটি উইম্যান’ অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে জুটিতে তাঁরা বিবাহ বার্ষিকীতে ক্যাম্পিং করতে গিয়েছেন। ২৩ বছর একসঙ্গে কাটানো এক মাইলফলকই বটে। বলাই বাহুল্য, এই বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতেই এই আয়োজন।
২০০০ সালে ‘দ্য মেক্সিকান’ ছবির সেটে জুলিয়া ও ড্যানির প্রথম আলাপ। এর ঠিক দুই বছর পর, তাঁরা গাঁটছড়া বাঁধেন। উপস্থিত ছিলেন ব্যক্তিগত পরিসরের মানুষেরাই। তাঁদের কোলে এসেছে তিন সন্তান। ছেলে হেনরি ও যমজ হেজ়েল, ফিনিয়াস। যদিও পাঁচ সদস্যের এই তারকা পরিবার ক্যামেরার আড়ালেই নিজেদের ব্যক্তিগত জীবন রাখতে ভালবাসেন।
তবে বিয়ের ২৩ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী এদিন লেখেন, ‘তুমি + আমি = ২৩’। ক্যাম্প তাঁবুর অন্দরে নেওয়া একটি ছবি তিনি পোস্ট করেন। তবে ফ্রেমে তাঁদের পা ছাড়া বেশিরভাগ জুড়েই প্রাকৃতিক সৌন্দর্য। অন্যদিকে ড্যানি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁদের প্রতিফলন দেখা যাচ্ছে রুপোর চামচে। ক্যাপশনে লেখেন, ‘২৩ বছর মানে রুপো। মজা চলছে…।’ এর আগে জানুয়ারি মাসে বরের জন্মদিনে নিজের অন্তঃসত্ত্বা অবস্থার একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ড্যানিকে ‘কৃতিত্ব’ দেন। নিজেদের ব্যক্তিগত জীবন এমনিতে আড়ালে রাখলেও মাঝে মাঝে এমন মজার পোস্ট তাঁদের করতে দেখা যায়।
রবার্টস ও মডার, দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। মার্কিনি তারকা অভিনেত্রী এর আগে বিয়ে করেছিলেন গায়ক লাইল লভেটকে। তবে মাত্র বছর দুয়েকের মধ্যেই ১৯৯৫ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর তিনি অভিনেতা বেঞ্জামিন ব্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়ান। প্রায় একই সময় তাঁর আলাপ হয় ড্যানির সঙ্গে। অন্যদিকে ড্যানি মডার ১৯৯৭ সালে গাঁটছড়া বাঁধেন মেকআপ আর্টিস্ট ভেরা স্টিমবার্গের সঙ্গে। জুলিয়া রবার্টসের সঙ্গে বিয়ের কিছু আগেই ভেরার সঙ্গে বিচ্ছেদ সম্পূর্ণ হয় মডারের। ২০১৫ সালে ‘পিপল’ সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়া রবার্টস বলেছিলেন, ‘আমার ওঁর সঙ্গে সময় কাটাতে ভাল লাগে এবং কাজের ক্ষেত্রে ওঁর নিষ্ঠা আমাকে মুগ্ধ করে।’
