বর্ষা এসেছে। এমন বৃষ্টি মুখর দিনে বাঙালি বাড়িতে জমিয়ে খাওয়া-দাওয়ার রেওয়াজ বহু পুরনো। তবে বর্ষাকালে শুধুই খিচুড়ি, বেগুনি, মাছ ভাজা? একদমই না। বরং বাড়িতেই বানিয়ে ফেলুন কচু দিয়ে ইলিশ আর চিংড়ি, এক্কেবারে রেস্তোরাঁর মতো। কীভাবে তৈরি করবেন? চিন্তা নেই, রেসিপি দিচ্ছি আমরা।
কচুপাতা দিয়ে ইলিশ
বর্ষায় ইলিশ খাওয়া মাস্ট। সর্ষে দিয়ে ঝাল বা ভাজার থেকে বেরিয়ে কচু দিয়ে রান্না হোক এবার? ৩-৪ টুকরো ইলিশের জন্য উপকরণ লাগবে কচুপাতা ২৫০ গ্রাম (ছোট করে কাটা), বড় একটা পেঁয়াজ কুচি, ১ চামচ রসুন বাটা, অর্ধেক চামচ আদা বাটা, ঝাল খাওয়ার অভ্যাস অনুযায়ী কাঁচা লঙ্কা, ২ চামচ সর্ষের তেল, স্বাদ মতো নুন, অর্ধেক চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ১/৪ চামচ মেথি গুঁড়ো, ১-২টো শুকনো লঙ্কা, সামান্য ধনে পাতা কুচি। বানাবেন কীভাবে? প্রথমে কচুপাতা ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিন। এরপর কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ও মেথি ফোড়ন দিন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এতে পেঁয়াজ কুচি ভাজুন। বাদামি হয়ে এলে রসুন, আদা বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর নুন, হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর কড়াইয়ে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর কচুপাতা যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন এবং অল্প আঁচে ৫ থেকে ৭ মিনিট ঢেকে রাখুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন। কচুপাতা নরম হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন। সহজেই এবং অতি অল্প উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি কচুপাতা দিয়ে ইলিশ, রেস্তোরাঁর মতো। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, বর্ষার দুপুর জমে যাবে।
কচুপাতা দিয়ে চিংড়ি
তবে বর্ষা মানে শুধু ইলিশই নয়, পরিচিত চিংড়ি মালাইকারি না করে এবার কচুপাতা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। রইল সহজ রেসিপি। মোটামুটি ২৫০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি রাঁধতে উপকরণ লাগবে ২৫০ গ্রাম ছোট করে কাটা কচুপাতা। বড় একটা পেঁয়াজ কুচি, ১ চামচ রসুন বাটা, অর্ধেক চামচ আদা বাটা, ঝাল খাওয়ার অভ্যাস অনুযায়ী কাঁচা লঙ্কা, ২ চামচ সর্ষের তেল, স্বাদ মতো নুন, অর্ধেক চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে পাতা কুচি।
কীভাবে বানাবেন কচু-চিংড়ি? কচুপাতা ভালো করে ধুয়ে ছোট করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজতে হবে। পেঁয়াজ বাদামী হয়ে এলে রসুন, আদা বাটা ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর তাতে নুন, হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা কচুপাতা দিয়ে দিতে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কড়াই ঢাকা দিয়ে অল্প আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দিন। কচুপাতা নরম হয়ে গেলে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এ স্বাদ মুখে লেগে থাকবে।
