কেরল সরকারের পর্যটন শিল্পের প্রচার করেছিলেন পাক গুপ্তচর কন্টেন্ট ক্রিয়েটার জ্যোতি মালহোত্রা! কিছুদিন আগেই কেরল সরকারের আমন্ত্রণে রাজ্যের পর্যটন প্রচারে অংশ নিয়েছিলেন ‘পাক গুপ্তচর’ হিসেবে অভিযুক্ত হরিয়ানার বাসিন্দা ভ্লগার জ্যোতি। ‘ইনফ্লুয়েন্সার আউটরিচ প্রোগ্রাম’-এর আওতায় কেরলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিয়ো বানিয়েছেন তিনি।
মাথারুভূমি-র এক রিপোর্ট অনুযায়ী, এক আরটিআই-এর উত্তরে জানা গিয়েছে যে, কেরল সরকার মোট ৪১ জন ইনফ্লুয়েন্সারের সফরের খরচ, থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছিল। এমনকি একটি বেসরকারি সংস্থা নিয়োগ করে তাদের ভিডিয়ো তৈরিতে সাহায্যও করেছিল। এই ৪১ জনের মধ্যে অন্যতম পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই তথ্য প্রকাশ্যে আসতেই কেরল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। যদিও কেরলের পর্যটনমন্ত্রী পিএ মহম্মদ রিয়াস বলেন, “জ্যোতি মালহোত্রাকে অন্য ইনফ্লুয়েন্সারদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সব কিছুই স্বচ্ছতার সঙ্গে হয়েছে। এখানে গুপ্তচরদের সুযোগ করে দেওয়ার কোনও প্রশ্নই নেই।” তিনি বলেন, “যে সময়ে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তার বিরুদ্ধে এমন কোনও অভিযোগ ছিল না। এসব এখন পরিকল্পিত অপপ্রচার।”
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার কটাক্ষ, “ভারত মাতা ব্লক হয়ে যায়, আর পাকিস্তানি গুপ্তচরদের রেড কার্পেট দেওয়া হয়! পর্যটনমন্ত্রী রিয়াস মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের জামাই। তাঁকে বরখাস্ত করে তদন্ত হওয়া উচিত।” জানা গিয়েছ, জ্যোতি মালহোত্রা কেরালায় থাকাকালীন কোচি, কান্নুর, কোঝিকোড়, আলাপ্পুঝা, মুন্নার এবং তিরুবনন্তপুরমে ঘোরেন। ‘থেইয়াম’ লোকনৃত্যের ভিডিয়ো করেন। বিভিন্ন মনোরম প্রাকৃতিক দৃশ্যও ক্যামেরাবন্দি করেন। এইসব ভিডিয়ো তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেন জ্যোতি।
আরও পড়ুন
২০২৫ সালের মে মাসে, কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর জ্যোতির বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে হরিয়ানা পুলিশ। তদন্তে উঠে এসেছে, তাঁকে একটি “অ্যাসেট” বা সম্পদ হিসেবে ব্যবহার করছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থাগুলি। তদন্তকারী সংস্থাগুলির সন্দেহ, তাঁর ব্লগিং আসলে গোয়েন্দাগিরির আড়ালে পর্দা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। কারণ হামলার কিছুদিন আগেই পাকিস্তান সফর করেছিলেন জ্যোতি। এরই মাঝে কেরালা সরকারের পর্যটন প্রচারে পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবারের নাম ওঠায় বিতর্ক তুঙ্গে।
