সোমবার উইম্বলডনে নোভাক জোকোভিচ বনাম অ্যালেক্স দিমিনিউর ম্যাচ দেখতে সস্ত্রীক হাজির হয়েছিলেন বিরাট কোহলি। সেই একই ম্যাচে গ্যালারিতে উপস্থিত মডেল অভিনেত্রী অবনীত কৌর। মাত্র কয়েক মাস আগেই স্ত্রী অনুষ্কার জন্মদিনে যাঁর ছবিতে বিরাটের ‘লাভ’ রিঅ্যাক্ট করা নিয়ে কার্যত ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার একই দিনে একই ম্যাচে উইম্বলডনের স্ট্যান্ডে দুয়ের উপস্থিতি কি নেহাতই কাকতালীয়? নাকি এর মধ্যেও রয়েছে গূঢ় রহস্য?
উইম্বলডনে অবনীতের ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। উইম্বলডনের স্ট্যান্ডে দাঁড়ানো ছবি পোস্ট করেন অবনীত নিজেই। অন্যদিকে কিং কোহলিও জোকোভিচের জয়ের পর ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সব মিলিয়ে একটু বেশ সন্দেহজনক গন্ধই যেন পাচ্ছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাট-ঘরণী অনুষ্কাও এদিন বিরাটের পাশে উইম্বলডনের দর্শকাসনে থাকলেও বেশিরভাগ সময়ই তাঁকে ফোন ঘাঁটতে দেখা গিয়েছে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তা হলে বিরুষ্কা জুটির মাঝে সত্যিই ঢুকে পড়েছেন তৃতীয় ব্যক্তি? এই প্রশ্নে নতুন করে ফের তোলপাড় শুরু হয়ে গিয়েছে ভার্চুয়াল দুনিয়ায়। মাসকয়েক আগে অভিনেত্রী অবনীত কৌরের একটি লাস্যময়ী ছবিতে বিরাটের ‘লাভ’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে জল্পনার সূত্রপাত। ঘটনাচক্রে সেদিনই আবার ছিল অনুষ্কা শর্মার জন্মদিন। প্রাক্তন ভারত অধিনায়ক অবশ্য সেই সময় সাফাই দিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃতভাবে অবনীতের ছবিতে ‘লাভ’ রিঅ্যাক্ট দেননি। ফিড ডিলিট করার সময় অ্যালগোরিদমের ভুলে এমন ঘটনা ঘটে গিয়েছে।
তবে ভুলটা যারই হোক। এর জেরে এক ধাক্কায় দুই মিলিয়ন ফলোয়ার বেড়ে যায় অবনীতের। একাধিক বিজ্ঞাপনের প্রস্তাব আসতে থাকে তাঁর কাছে। আর সেই অবনীত-ই এ বার বিরাটের সঙ্গে একই দিনে জোকোভিচের খেলা দেখতে হাজির উইম্বলডনে। এ বারেও কি অনিচ্ছাকৃত ঘটনা? নেহাতই কাকতালীয় ব্যাপার? দুয়ে দুয়ে চার কিন্তু করেই ফেলছেন বিরাট-অনুরাগীরা।
