বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়ালো দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার। অনলাইন জুয়া সংক্রান্ত কেলেঙ্কারিতে সাইবারাবাদ পুলিশের একটি এফআইআর-এর ভিত্তিতে পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।
জানা গিয়েছে, মোট ২৯ জন তারকার বিরুদ্ধে এই কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। এদের মধ্যে রয়েছেন অভিনেতা বিজয় দেবরাকোন্ডা, রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ, মঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগল্লা ও জনপ্রিয় টিভি সঞ্চালিকা শ্রীমুখী। মার্চ মাসে সাইবারাবাদের মিয়াপুর থানায় প্রথমে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। অভিযোগ, এই তারকারা অনলাইন বেটিং অ্যাপের প্রচার করেছিলেন। এর মাধ্যমে সাধারণ মানুষকে জুয়া খেলায় উৎসাহিত করা হচ্ছিল।
জাজবাত বাংলায় আরও পড়ুন
এফআইআর-এ উল্লেখ করা হয়েছে, রানা দাগ্গুবাতি ও প্রকাশ রাজ জংলি রামি-র প্রচার করেন, A23 অ্যাপের প্রচার করেন, বিজয় দেবরাকোণ্ডা, Yolo 247-এর প্রচারে মঞ্চু লক্ষ্মী, প্রণীতা Fairplay-এর এবং নিধি আগরওয়াল Jeet Win অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন। এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩১৮(৪), ১১২ ও ৪৯ ধারার পাশাপাশি, তেলেঙ্গানা গেমিং আইনের ৪ ধারা ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৬-ডি ধারা প্রয়োগ করা হয়েছে। এই ধারাগুলি মূলত প্রতারণা, বেআইনি গেমিং প্রচার এবং অনলাইন প্রতারণার অভিযোগে ব্যবহৃত হয়।
ইতিমধ্যেই ইডি তাঁদের আর্থিক লেনদেন ও ডিজিটাল ট্র্যাক রেকর্ড খতিয়ে দেখছে। এই প্রসঙ্গে প্রকাশ রাজ এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, ২০১৬ সালে তিনি একটি গেমিং অ্যাপ প্রচার করেছিলেন। যদিও ২০১৭ সালে তা বন্ধ করে দেন। এরপর আর কোনও গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত হননি বলে দাবি করেছেন তিনি। রানা দাগ্গুবাতিও জানিয়েছেন, তিনি যে গেমিং অ্যাপের প্রচার করেছিলেন, তা ২০১৭ সালে শেষ হয়ে যায়। আইনিভাবে বৈধ অঞ্চলের প্রচারিত হয়েছিল সেই সমস্ত বিজ্ঞাপন। বর্তমানে ইডির নজরে রয়েছে বেটিং অ্যাপ প্রোমোশন থেকে শুরু করে সমস্ত আর্থিক লেনদেনের বিষয়গুলোও।
