ক্রিকেটের ২২ গজে হ্যাটট্রিক তো কত লোকই করেছেন। কেউ কেউ একের অধিক হ্যাটট্রিকেরও মালিক। তবে এ বার টানা দুই ওভারে দুটি হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিলেন ৩৭ বছরের এক স্পিনার। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ ডিভিশনের ম্যাচে এই কীর্তি গড়া বোলার আবার ভারতীয় বংশোদ্ভুত। তাঁর নাম, কিশোর কুমার সাধক। জানা গিয়েছে, ইপসউইচ এন্ড কোলচেস্টার ক্লাবের হয়ে কেসগ্রেভের বিরুদ্ধে এই নজির গড়েছেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলছে ভারতীয় দল। এরই মাঝে বিলেতের বুকে এক ভারতীয় বংশোদ্ভূত বোলারের এ হেন কীর্তির কথা সামনে আসতেই সাড়া পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। যদিও একই ম্যাচে একই বোলারের জোড়া হ্যাটট্রিকের ঘটনা এই প্রথম নয়। তবে বিরল তো বটেই। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে একই ম্যাচে জোড়া হ্যাটট্রিক করেছিলেন মিচেল স্টার্ক। তার আগে ১৯১২ সালে অস্ট্রেলিয়ার জিমি ম্যাথিউস দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিলেন জোড়া হ্যাটট্রিক। তবে দুই ক্ষেত্রেই হ্যাটট্রিকগুলি ছিল একই ম্যাচের আলাদা আলাদা ইনিংসে। এই প্রথম কোনও বোলার একই ইনিংসে জোড়া হ্যাটট্রিকের নজির গড়লেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সার্বিকভাবে ম্যাচে ২১ রানে ৬ উইকেট নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার কিশোর। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি যে ৬ জনকে আউট করেছেন তাঁদের মধ্যে ৫ জনই বোল্ড। বাকি একজন ক্যাচ আউট হন। অন্যদিকে মোট ৫ জন শূন্য রানে আউট হয়েছেন। এ হেন সাফল্যের পর স্বভাবতই রীতিমত উচ্ছ্বসিত কিশোর। বলেন, “ষষ্ঠ ব্যাটারকে আউট করার পর যেন আকাশে উড়ছিলাম আমি। এটা অবিশ্বাস্য। খেলা শেষ হওয়ার পর প্রচুর ফোন পেয়েছি। দলের সকলে মিলে খেতে গিয়েছিলাম। সেখানে দারুণ মজা করেছি।” যদিও এরই সঙ্গে যোগ করেছেন, “তবে অতীতে অনেক ক্রিকেটারেরই দারুণ পারফরম্যান্স রয়েছে। তাই নিজেকে কেউকেটা বা বিশেষ কেউ ভাবতে পারছি না।”
