প্রযোজক সুনীল দর্শন নাকি প্রিয়াঙ্কা চোপড়াকে তাঁর নাক ‘ঠিক’ করার নিদান দিয়েছিলেন। ঠিকই পড়ছেন। আর এই কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন প্রযোজক। ‘আন্দাজ’ ছবির জন্য অভিনেত্রীর কাছে এই দাবি করেছিলেন তিনি। সম্প্রতি ‘মিনিটস অফ মাসালা’কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল দর্শন জানান যে তিনি প্রথমেই প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে খুব একটা সন্তুষ্ট হননি। ২০০৩ সালের ওই ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছিলেন লারা দত্ত ও অক্ষয় কুমার। এছাড়াও ছিলেন পঙ্কজ ধীর, জনি লিভার, মায়া আলঘ প্রমুখ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রযোজক জানান যে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে তাঁর মনে হয়েছিল একটা জিনিস এক্ষুনি বলা প্রয়োজন। তিনি বলেন, ”আন্দাজ’ করার আগে, আমি ওকে বলি যে নাকের ব্রিজ অংশটা নিয়ে ওঁর কিছু একটা করা উচিত।’ প্রযোজকের কথা মতো কাজ করেন অভিনেত্রী। যা দেখে বেশ খুশিই হয়েছিলেন সুনীল। তিনি বলছেন, ‘ও নিজেও জানতো এটা প্রয়োজন এবং ওঁর বাবা-মা এতো ভালো চিকিৎসক। কোনও সমস্যা হয়নি, ওঁরা সঙ্গে সঙ্গে সারিয়ে দেন নাকটা।’ প্রিয়াঙ্কা পরে জানিয়েছিলেন যে সাইনাসের সমস্যার কারণে অপারেশন করিয়েছিলেন যাতে ভুল রয়ে গিয়েছিল এবং সেই কারণে নাকি তাঁর বলিউড লঞ্চ প্রায় বাতিলই হয়ে যাচ্ছিল।
তবে দর্শন জানতেন যে তথাকথিত ‘সুন্দরী’ না হলেও প্রিয়াঙ্কা চোপড়ার থেকে নজর সরানো কঠিন। প্রযোজকের কথায়, ‘ও প্রচলিত অর্থে সুন্দরী ছিল না, কিন্তু ওঁর একটা শক্তিশালী উপস্থিতি ছিল এবং মনোমুগ্ধকর গলার স্বর।’ তখনই প্রযোজক সুনীল দর্শন বুঝেছিলেন যে জীবনে অনেক দূর এগোবেন প্রিয়াঙ্কা। নিজের স্থান নিজেই তৈরি করবেন অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে, বিশ্বাস ছিল সুনীলের।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
সার্জারিতে গন্ডগোল হওয়ায় খুব সহজ ছিল না অভিনেত্রীর জীবন। এক সাক্ষাৎকারে পিগি চপস বলেন সেই সময় তাঁকে ‘প্লাস্টিক চোপড়া’ বলে কটাক্ষ করা হতো। মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পরই বদলে যায় তাঁর নাক। কেন? শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতো অভিনেত্রীর, ফলে নেজ়াল ক্যাভিটি পলিপ সরানোর জন্য সার্জারি করান তিনি। ভেবেছিলেন এটা খুব স্বাভাবিক ও সহজ পদ্ধতি। ২০০৩ সালের ‘আন্দাজ’ বক্স অফিসে সাফল্য লাভ করে সেই সঙ্গে প্রিয়াঙ্কা ও লারার অভিনয় সফর শুরু হয়। ত্রিকোণ প্রেমের গল্প বলে এই ছবি।
