কাজ শুরু হয়ে গিয়েছে দেবের বড়দিনের ছবির। মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘প্রজাপতি ২’ ছবি নিয়ে ফিরছেন তারকা অভিনেতা। আবারও একবার তৃণমূল সাংসদ ও বিজেপি নেতাকে এক ফ্রেমে দেখা যাবে। গত ৫ জুলাই লন্ডন থেকে ছবি পোস্ট করে শ্যুটিং শুরুর খবর দেন তিনি। দিন তিনেক সেই শ্যুটিং শিডিউল শেষের পোস্টও করেন। তবে এবার তিনি উড়ে গেলেন স্কটল্যান্ডে। শ্যুটিং নয়, আপাতত তিনি ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত’। সেখান থেকেও একগুচ্ছ ছবি শেয়ার করলেন অভিনেতা।
লন্ডনে ‘প্রজাপতি ২’ ছবির সেট থেকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা। তাঁর নতুন লুক নজর কেড়েছে আট থেকে আশি সকলের। মহিলা মহল নতুন করে প্রেমে পড়ছে তাঁর। এরই ফাঁকে শেষ হয়েছে লন্ডনের শিডিউল। লন্ডনে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। বাবা, মা ও বোনকে নিয়ে এবার সুপারস্টার পাড়ি দিলেন স্কটল্যান্ডে। সেখান থেকেই আজ পোস্ট করলেন একগুচ্ছ ছবি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
গুচ্ছ ছবির বেশিরভাগ জুড়ে বাবা আর মা। তারকা সন্তানের হাত ধরে স্কটল্যান্ডের রাস্তায় গর্বিত বাবা-মা। কোনও ছবিতে বাবার সিঙ্গল ফ্রেম, কোথাও মায়ের সঙ্গে পোজ়। একটি ছবিতে দেবকেও দেখা গেল বাবা, মা ও বোনকে সঙ্গে নিয়ে। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি অভিনেতা, নিজের সিঙ্গল ছবিও পোস্ট করেছেন সেই সঙ্গে। ক্যাপশনে লিখলেন, ‘হ্যালো স্কটল্যান্ড’। ছবি পোস্ট হতেই অনুরাগীদের ভালোবাসার বন্যা। তবে স্কটল্যান্ডে শ্যুটিং করবেন কি না সেই বিষয়ে কোনও উল্লেখ করেননি তিনি কোথাও।
বাংলা ফিল্ম দুনিয়ায় ধীরে ধীরে নিজের প্রভাব বিস্তার করে চলেছেন দেব। মূলধারার ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেন অভিনেতা। হাত দেন প্রযোজনায়। সম্প্রতি ৮ বছর পূর্ণ করল তাঁর প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেমনেন্ট ভেঞ্চার্স’। তবে বিগত কয়েক বছর ধরেই অন্য ধরনের ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছিল তাঁকে। ‘বাঘা যতীন’, ‘প্রধান’, ‘প্রজাপতি’, ‘টনিক’, ‘গোলন্দাজ’ প্রভৃতি নানা ধরনের ছবিতে তিনি কাজ করেছেন, এবং বলা যায় প্রায় প্রত্যেক ক্ষেত্রেই দর্শকের ভালবাসা পেয়েছেন।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
অনেক সিনেপ্রেমীর মতে নিজের ভিতরের শিল্পীসত্তাকে আরও শানিয়ে তুলছেন তিনি। আপাতত মুক্তির অপেক্ষায় শুভশ্রীর সঙ্গে তাঁর বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’। এই ছবির জন্য মুখিয়ে দেব-শুভশ্রী প্রেমীরা। পুজোয় মুক্তি পাওয়ার কথা ‘রঘু ডাকাত’ ছবির। বড়দিনে ‘প্রজাপতি’ আসবে। কোন ছবি বক্স অফিসে কেমন সাফল্য় লাভ করে সেটাই দেখার।
