এজবাস্টন টেস্ট জিতে কার্যত হাওয়ায় উড়ছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। সাংবাদিক সম্মেলনে কোনও রকম দ্বিধা না করেই জানিয়ে দেন, ইংল্যান্ডে আজ পর্যন্ত যতগুলি ভারতীয় দল টেস্ট খেলতে এসেছে সবার মধ্যে তাঁর দলই সেরা। গিলের সেই দলই মুখ থুবড়ে পড়েছে হোম অব ক্রিকেটে। এরই মধ্যে অধিনায়ক গিলের প্রবল সমালোচনা করতে শোনা গেল ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরকে।
লর্ডসে টেস্ট হারলেও সেই ম্যাচ আগ্রাসন দেখিয়েছিলেন গিল। জ্যাক ক্রলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করার অভিযোগ এনে তিনি বচসায় জড়িয়ে পড়েন ইংরেজদের সঙ্গে। এটাই না পসন্দ মঞ্জরেকরের। ক্রিকেটের একটি নামী ওয়েবসাইটে কোনও রাখঢাক না করেই তিনি জানিয়েছেন, গিল যেন নিজেকে বিরাট কোহলি না ভাবেন। যদি ভাবেন তা হলে তা মোটেই শুভ হবে না তাঁর জন্য।
সঞ্জয় মঞ্জরেকর বলেন, “কোহলির সঙ্গে যখনই বিপক্ষের ঝামেলা হত, সেই বিষয়টা ওর খিদে আরও বাড়িয়ে দিত। ফলে কোহলি আরও ভালো ব্যাট করত। কিন্তু শুভমনের ক্ষেত্রে আগ্রাসন নেতিবাচক প্রভাব ফেলছে। সেটাই আমার সবথেকে হতাশাজনক বলে মনে হয়েছে। আমি ভাবছিলাম, এ কোন দিকে এগিয়ে চলেছে শুভমন?” পাশাপাশি মঞ্জরেকর এও জানিয়েছেন, গিল আগে এমন ছিলেন না। অধিনায়ক হওয়ার পরই তার এই রূপ দেখা যাচ্ছে। সেই সঙ্গে রান পাওয়াও আত্মবিশ্বাস এক ধাক্কায় বেড়ে গিয়েছে।
এতেই শেষ নয়। প্রাক্তন ক্রিকেটার আরও যোগ করেন, “গিলকে মোটেই স্বাভাবিক ছিল না ব্যাট করার সময়। ওকে অনেকটা বেশ অস্থির লাগছিল। আজকাল স্টাম্প মাইকের কল্যাণে মাঠের ভিতরের সব কথাই আমাদের কানে আসে। বুঝতে পারছিলাম ইংল্যান্ডের ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করছে শুভমন।” আরও বলেন, “কোহলি কিন্তু চিরকালই আগ্রাসী। অধিনায়ক না থাকলেও একইরকম মানসিকতা দেখা গিয়েছে ওর মধ্যে। কিন্তু গিলের মধ্যে এমনটা দেখা যায়নি আগে কখনও।”
