ম্যানচেস্টার টেস্টে জশপ্রীত বুমরাহ্ খেলবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বুমরাহ্’র পাশাপাশি ধোঁয়াশা রয়েছে ঋষভ পন্থকে নিয়েও। লর্ডসে বাঁ হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন পন্থ। যার ফলে বাকি ম্যাচে আর উইকেট কিপিং করতে পারেননি। সে দায়িত্ব সামলান ধ্রুব জুরেল। এই পরিস্থিতিতে ম্যানচেস্টারেও তাকে দেখা যাবে কি না তা পুরোপুরি নিশ্চিত নয় এখনও। সূত্রের খবর, আঙুলে এখনও ব্যথা রয়েছে তাঁর। যদিও দল তা নিয়ে বিশেষ চিন্তিত নয় বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, যদি ঋষভ উইকেটকিপিং করতে না পারেন, তা হলে তাঁকে খেলানোর দরকার নেই। শুধুমাত্র একজন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে পন্থকে খেলানোর পক্ষপাতি নন শাস্ত্রী। উল্লেখ্য, লর্ডসের প্রথম ইনিংসে চোট পেয়েছিলেন পন্থ। এর জেরে আর কিপিং করতে না পারলেও ব্যাট করেছেন দুই ইনিংসেই। প্রথম ইনিংসে ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেন তিনি।
কিন্তু ম্যানচেস্টার টেস্ট সম্পর্কে বলতে গিয়ে রবি শাস্ত্রী জানান, “উইকেট কিপিং না করলে শুধু ব্যাটার হিসাবে পন্থকে খেলানো উচিত নয়।” নিজের বক্তব্যের সপক্ষে তাঁর ব্যখ্যা, “খেললে শুধু ব্যাট করতে পারবে না পন্থ। ওকে ফিল্ডিংও করতে হবে। আর সেটা ওর জন্য আরও ক্ষতিকারক হতে পারে। হাতে গ্লাভস থাকলে তবু কিছুটা নিরাপত্তা থাকত।”
বৃহস্পতিবার বেকেনহ্যামে ঐচ্ছিক অনুশীলন ছিল ভারতীয় দলের। জানা গিয়েছে, সেখানে ব্যাটিং বা উইকেট কিপিং কিছুই করেননি পন্থ। তবে হালকা শরীরচর্চা করেছেন। সেই সঙ্গে তাঁর হাতে কোনও টেপ লাগানোও ছিল না। এ দিকে ভারতীয় দল কিন্তু রীতিমত আশাবাদী ম্যানচেস্টারে পন্থের খেলা নিয়ে। শুধু তাই নয়। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়েছেন, পন্থকে এই টেস্টের বাইরে রাখা যাবে না। যদিও শাস্ত্রীর মত তিনিও বলেন, “যদি উইকেট কিপিং করতে পারে তবেই খেলবে পন্থ।” পাশাপাশি ধ্রুব জুরেলও যে সুযোগ পেতে পারেন, সে ইঙ্গিতও দিয়েছেন গম্ভীরের ডেপুটি।
