টেক জায়ান্টদের ভূমিকা ঘিরে নতুন বিতর্ক, বেটিং অ্যাপে কোটি টাকার টাকা পাচার! ইডির নজর এবার সরাসরি গুগল ও মেটার দিকে। তাই বেটিং অ্যাপের মাধ্যমে টাকা পাচারের মামলায় বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার তারা তলব করেছে বিশ্বের দুই প্রযুক্তি জায়ান্ট গুগল এবং ফেসবুক, ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটাকে। আগামী ২১ জুলাই, গুগল ও মেটার প্রতিনিধিদের দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এই দুই সংস্থা বেটিং অ্যাপগুলোর বিজ্ঞাপন ছড়িয়ে দিতে সাহায্য করেছে। ফলে, এ ধরনের অবৈধ অ্যাপ সাধারণ মানুষের কাছে সহজেই পৌঁছে গেছে।
এর আগে, ইডি মুম্বইয়ের চারটি জায়গায় হানা দিয়ে ৩.৩ কোটি টাকার নগদ টাকা, বিলাসবহুল গাড়ি, গয়না, বিদেশি মুদ্রা এবং টাকা গোনার যন্ত্র বাজেয়াপ্ত করে। তদন্তে উঠে এসেছে, একাধিক বেআইনি “ডাব্বা ট্রেডিং” এবং বেটিং অ্যাপ যেমন VMoney, 11Starss, LotusBook, GameBetLeague ইত্যাদি “হোয়াইট লেবেল” সফটওয়্যারের** মাধ্যমে পরিচালিত হতো। এই অ্যাপগুলির অ্যাডমিন রাইটস লাভের বিনিময়ে মুনাফার ভাগাভাগি হতো।
তদন্তে আরও জানা গিয়েছে, VMoney এবং 11Starss অ্যাপের মালিক বিশাল অগ্নিহোত্রি, LotusBook-এর অ্যাডমিন রাইটস ৫ শতাংশ লাভে পেয়েছিলেন। পরে এই রাইটস তিনি দেন ধবল জৈনকে। তিনি নিজে রাখেন ০.১২৫ শতাংশ আর জৈন নেন ৪.৮৭৫ শতাংশ লাভ।
ধবল জৈন ও তার সঙ্গী জন স্টেটস ওরফে পাণ্ডে মিলে তৈরি করেছিলেন একাধিক হোয়াইট-লেবেল বেটিং অ্যাপ। আর মায়ূর পারিয়া নামে এক হাওয়ালা এজেন্ট এই বেটিং-এর টাকার লেনদেন সামলাতেন। এই পুরো ঘটনার মূল ভিত্তি হলোমধ্যপ্রদেশের ইন্দোরের লাসুড়িয়া থানায় ৯ জানুয়ারি করা একটি এফআইআর। তাই নিয়েই এবার ইডির মানি লন্ডারিং আইনের আওতায় তদন্ত হচ্ছে। ইডির অভিযোগ, এই অনলাইন অ্যাপ ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, আর এতে প্রযুক্তি সংস্থার ভূমিকা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। তাই কাঠগড়ায় গুগল ও মেটা।
