লকডাউনের সময় বাড়ি থেকেই নিজের রান্নার যাত্রা শুরু করেছিলেন মাস্টারশেফ ইন্ডিয়া সিজন ৮-এ টপ ৯-এ পৌঁছে যাওয়া শুভজিৎ সেন। তাঁর ক্লাউড কিচেন ‘দ্যাহারমোনি পট’ এখন অনেকেরই প্রিয়। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছেন তাঁর বিশেষ “সাদা বিরিয়ানি”-র জন্য। এটি মূলত কলকাতা-স্টাইল বিরিয়ানিরই এক সংস্করণ।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে শুভজিৎ শেয়ার করেছেন একেবারে নির্ভুল পদ্ধতিতে বাড়িতে বানানো যায় এমন এক দুর্দান্ত কলকাতা-স্টাইল চিকেন বিরিয়ানির রেসিপি। কলকাতা স্টাইল সাদা বিরিয়ানি কিন্তু একটু হলেও আলাদা। সাদা বিরিয়ানিতে সাধারণ কলকাতা বিরিয়ানির মতোই আলু, মাংস ও চাল থাকে, কিন্তু এতে মশলা ও তেলের ব্যবহার অপেক্ষাকৃত কম, তাই খেতে হালকা এবং সহজপাচ্য।
উপকরণ: চাল – ১ কেজি, মুরগির মাংস – ১ কেজি (১৫০-১৮০ গ্রাম টুকরো করে কাটা), বিরিয়ানি মসলা – ২ চামচ + ৩ চামচ, লাল লঙ্কার গুঁড়ো – ১ চামচ, দই – ১০০ গ্রাম, পেঁয়াজ – ৩৫০ গ্রাম, আদা-রসুন-কাঁচা লঙ্কা বাটা – ৮০ গ্রাম, আলু – ৭-৮টি (প্রতিটি ৭০-৮০ গ্রাম), জাফরান – এক চিমটি, হলুদ রঙ – ১/৪ চা চামচ, ঘি – ১০০ গ্রাম, খোয়া ক্ষীর – ৫০ গ্রাম, আলু বোখরা – ৮-১০টি, তেল – ১ কাপ, দুধ – ১৫০ গ্রাম, গোলাপ জল – ২৫ গ্রাম, কেওড়া জল – ২৫ গ্রাম, নুন – স্বাদমতো।
প্রক্রিয়া: মশলা ও দই মিশিয়ে চিকেনটা ম্যারিনেট করুন এবং ১–২ ঘণ্টা ঢেকে রাখুন। চাল ধুয়ে ভিজিয়ে রাখুন। পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করুন। তেল রেখে দিন। আলুতে ফুড কালার ও নুন মাখিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করুন। এরপর একটি বড় হাঁড়িতে আদা-রসুন বাটা ও বেরেস্তা দিয়ে মিক্সচার তৈরি করুন। তাতে চিকেন দিয়ে ৫ মিনিট রান্না করে তুলে নিন। এবার চিকেন তুলে রেখে স্টক ছেঁকে দুধ, গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে নিন। হাঁড়িতে চিকেন, আলু, আলু বোখরা, খোয়া ক্ষীর, বেরেস্তা, মসলা দিন। চাল ৮০% সিদ্ধ করে ছেঁকে দিন, তারপর চিকেনের ওপরে ছড়িয়ে দিন। এবার জাফরান দুধ ও ঘি ছড়িয়ে হাঁড়ি ঢেকে দমে ২০ মিনিট রান্না করুন। ১০–১৫ মিনিট রেখে গরম গরম পরিবেশন করুন।
শুভজিতের এই রেসিপি যে কেউ অনুসরণ করে খুব সহজে বাড়িতে কলকাতা-স্টাইল বিরিয়ানি রান্না করে ফেলুন, আর সবাইকে চমকে দিন।
