কম খরচে এর চেয়ে চমৎকার একটা অফবিট ডেস্টিনেশন! হতেই পারে না । যাঁরা সমুদ্র ভালোবাসেন অথচ হাতে সময় কম। আবার দিঘা-পুরী গিয়ে-গিয়ে বোর হয়ে গেছেন। তাহলে আপনার জন্য রইল বাংলার এক শান্ত-নিরিবিলি সাগর পাড়। মনের স্বস্তি, প্রাণের আরাম। হাতে দুদিন থাকলেই যথেষ্ট। ঘুরে আসুন কলকাতার কাছেই দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত থেকে। পূর্ব মেদিনীপুরের অপূর্ব এই সি-বিচ আপনার মন কাড়বেই
পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতটি সম্পর্কে এখনও অনেকই জানেন না। তাই এখানে খুব বেশি হোটেল, লজ কিংবা রিসর্ট এখনও গড়ে ওঠেনি। তবে কয়েকটি ছোট হোটেল এবং ব্যাকপ্যাকার্স টেন্ট ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। ব্যাকপ্যাকার্স টেন্ট ক্যাম্পে খাওয়া-দাওয়ার বন্দোবস্ত এলাহি ঢঙে হয়ে থাকে।
দুপুরে থাকবে বাঙালির ভুরিভোজের আয়োজন আবার বিদেশি খাবারও। সন্ধেয় ক্যাম্পে থাকে বনফায়ারের ব্যবস্থা। সমুদ্রের ফুরফুরে হাওয়ায় ঝলসানো চিকেন, ভাব যায় ! খরচ কিন্তু একদম বাজেটের মধ্যে। এখানকার ব্যাকপ্যাকার্স ক্যাম্পে চারবেলা থাকা-খাওয়া সমেত মাথাপিছু ১৫০০ টাকার কাছাকাছি। আগে থেকে বুকিং করে যাওয়াই ভালো।
কীভাবে যাবেন ?
সড়কপথে দিঘাগামী বাস ধরে নামতে হবে চাউলখোলা বাসস্ট্যান্ডে। এই বাসস্ট্যান্ড থেকে অটো বা ট্রেকার ধরে নিতে পারেন। এখান থেকে মোটামুটি মেরেকেটে আধঘণ্টা বা তার একটু বেশি সময়ের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকতে।
