৭৫ পূর্ণ করলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ্। তবে এখনও মঞ্চ থেকে বড়পর্দা, সর্বত্র তাঁর অবাধ দাপুটে উপস্থিতি। তিনি মঞ্চে থাকলে মোহিত হন আট থেকে আশি। কিন্তু জানেন কি, অভিনেতা একবার পরিচালকের আসনেও বসেছিলেন? আজ থেকে ১৮ বছর আগে একটি ছবি তৈরি করেছিলেন তিনি, ‘ইউঁ হোতা তো কেয়া হোতা’। এটিই নাসিরউদ্দিন শাহ পরিচালিত একটিমাত্র সিনেমা। এই ছবির ক্লাইম্যাক্স হয়েছিল ট্যুইন টাওয়ারে। কিন্তু সেই অভিজ্ঞতা নাকি এতোই দুঃসহ ছিল, অভিনেতা ঠিক করেছিলেন আর কোনওদিন পরিচালনা করার চেষ্টা করবেন না।
সেই ছবিরই মুক্তির আগে এক সাক্ষাৎকারে নাসিরউদ্দিনকে প্রশ্ন করা হয় যে কর্মজীবনের এত দেরিতে এসে পরিচালনার কাজে হাত দিলেন কেন তিনি। অভিনেতা বলেন, ‘কারণ খুব সহজ যে এতোদিন মনে হয়নি সঠিক সময় এসেছে বলে। আমার মনে আছে আর পাঁচটা বাচ্চার মতোই আমিও স্বপ্ন দেখতাম যে নিজে ছবি পরিচালনা করব যার মুখ্য চরিত্রে আমিই অভিনয় করছি। ১৯ বছর বয়সে কিছু আইডিয়া ছিল আমার, যেগুলো এখনও পরিচালনা করতে চাইব। কিন্তু এর আগে কখনও আমি চলচ্চিত্র পরিচালক হতে চাইনি। আমি শুধুই অভিনয় করতে চেয়েছি। আমার কোনও বক্তব্য রাখার ছিল না, কোনও উত্তপ্ত বার্তা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো ছিল না। আমি চেয়েছিলাম পরিচালনা নিজে থেকে হোক। সেই কারণে ‘ইউঁ হোতা তো কেয়া হোতা’ তৈরি হতে এতোটা সময় লাগল।’
জাজবাত বাংলায় আরও পড়ুন
এই ছবির পরিবেশনা হয়েছিল খানিক অন্যভাবে। তিনি বলেন, ‘এতে চারটি গল্প রয়েছে, প্রত্যেকটিকেই প্রেম কাহিনি বলা চলে, যেখানে বিবিধ বয়সের যুগলের গল্প রয়েছে। টিনএজ যুগল, আরও একটু বয়সে বড় এক জুটি, তারপর একজন পুরুষ যিনি বয়সে অনেকটা বড় এক নারীর প্রতি আকৃষ্ট, এবং অবশেষে মধ্য বয়সী এক জুটি। সকলের গল্প এবং প্রত্যেক চরিত্র একে অপরের সঙ্গে মিলিত হয় শেষে। এভাবে টুকরো করে গল্প বলায় নতুন কিছু নেই। মণি রত্নম ‘যুবা’য় সম্প্রতি সেটাই করেছেন। এবং অনেকদিন আগে হৃষিকেশ মুখোপাধ্যায়ের ‘মুসাফির’ও এভাবেই তৈরি। এছাড়া একইভাবে তৈরি হয়েছে ইতালিয় ছবি ‘ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো’ও। ‘উইম্যান টাইমস ৭’ ছবিটি ৭টা গল্প নিয়ে তৈরি। আমার সবসময়েই এমন পর্বে বিভক্ত ছবি দারুণ লাগে।’
তবে প্রেক্ষাগৃহে খুব একটা সাফল্য লাভ করতে পারেনি নাসির পরিচালিত এই ছবি। ফলে ছবি পরিচালনার বিরুদ্ধ পথই বেছে নেন নাসিরউদ্দিন। যদিও ছবি পরিচালনা তিনি খুবই উপভোগ করেছিলেন, তা নিজেই স্বীকার করেছিলেন সাক্ষাৎকারে। কিন্তু প্রথম ছবিতেই অসাফল্য তাঁকে একেবারেই অন্য় ভাবনা পোষণ করতে বাধ্য করে একপ্রকার।
