এজবাস্টন টেস্টে ভারতের জয়ের পথে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বরুণ দেব। এরপর লর্ডসে অবশ্য প্রকৃতি অনুকূলেই ছিল। তবে এ বার ম্যানচেস্টার টেস্টের আগে আবার ফেরত আসছে প্রশ্নগুলি। চতুর্থ টেস্টেও মুখ ভার করবে না তো বিলেতের আকাশ? টিম ইন্ডিয়ার অনুরাগীদের আশায় আরেকবার জল ঢালবেন না তো বরুণ দেব?
সিরিজে ১-২ পিছিয়ে রয়েছে শুভমন গিলের দল। ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট তাঁদের কাছে কার্যত ডু অর ডাই গেম। এ দিকে ম্যাচ শুরুর আগেই আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিচ্ছে তা ভারতীয় দল এবং তাদের সমর্থকদের চিন্তায় রাখার জন্য যথেষ্ট। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শুরু থেকেই বৃষ্টির ভ্রুকুটি রয়েছে ম্যানচেস্টার টেস্টে। এমনকি ম্যাচের ৫ দিনই বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মঙ্গলবার বৃষ্টি হয়েছে ম্যানচেস্টারে। হাওয়া অফিসের রিপোর্ট বলছে, বুধবার টেস্টের প্রথম দিনও এর ব্যতিক্রম ঘটবে না। এ দিন বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। সকাল এবং দুপুরের দিকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপর বৃহস্পতিবার অর্থাৎ খেলার দ্বিতীয় দিনে অবস্থা আরও খারাপ হতে পারে বলে জানানো হয়েছে। সেদিন সারা দিন বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সার্বিকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ।
অবশ্য তৃতীয় দিন থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তৃতীয় দিন বৃষ্টির সম্ভাবনা মাত্র ৭ শতাংশ। এবং চতুর্থ দিন মাত্র ১০ শতাংশ। তবে রবিবারের ম্যাচের অন্তিম দিনে আবার বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। এ দিন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ হওয়ায় পুরো সময় খেলা হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এ দিকে যা জানা গিয়েছে, ওল্ড ট্রাফোর্ডের উইকেটে অল্প পরিমাণে ঘাস রয়েছে। ফলে সারফেস থেকে পেসাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।
