কিছুদিন আগেই ওজন ঝরিয়ে শিরোনামে উঠে এসেছিলেন করণ জোহর। এবার সেই তালিকায় নয়া সংযোজন বনি কাপুর। স্থূলকায় চেহারা থেকে একেবারে স্লিম-ট্রিম বনি কাপুরকে দেখে হতবাক অনুরাগীরাই। নতুন কোনও সিনেমার প্রযোজনার কারণে নয়, বরং এই ট্রান্সফর্মেশনের জন্যই শিরোনামে এখন তিনি। নতুন চেহারার একাধিক ছবিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা।
একাধিক প্রতিবেদন সূত্রে খবর, বনি কাপুর ২৬ কেজি ওজন ঝরিয়েছেন, তাও আবার জিমে না গিয়েই। তাও সম্ভব? হ্যাঁ। কিন্তু কীভাবে? সূত্রের খবর, কেবলমাত্র নিজের খাদ্যাভ্যাসে পরিবর্তন ঘটিয়ে, স্বাস্থ্যকর ডায়েট বজায় রেখেই এই ওজন হ্রাস করতে পেরেছেন তিনি। সেই সঙ্গে জীবনযাত্রায় সাধারণ কিছু বদল ঘটিয়েছেন। ব্যাস! তাতেই কেল্লাফতে।
সোশ্যাল মিডিয়ায় এখন বনি কাপুরের দুটো ছবি ভাইরাল। একটিতে ক্যাসুয়াল পোশাক পরে, অপরটিতে সেমি-ফর্ম্যাল পোশাক পরে রয়েছেন তিনি। অনুরাগীরা এই স্টাইলিশ ও রিফ্রেশিং লুক দেখে বেশ মুগ্ধ। অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। আবার অনেকেই উৎসাহী এই বিরাট পরিবর্তনের পদ্ধতি জানতে। নিউজ়১৮ বা বলিউডশাদিসের মতো একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বনি কাপুর মোট ২৬ কেজি ওজন কমিয়েছেন, জিমে পা পর্যন্ত না রেখে। খাদ্যাভ্যাসে লাগাম ও সুষম খাবার খাওয়া এবং নিয়মে জীবন যাপন করেই এই বদল ঘটাতে সক্ষম হয়েছেন প্রযোজক, খবর এমনই। এমনকী নয়া ডায়েটে তিনি ডিনার একেবারেই বাদ দিয়ে দিয়েছেন। তার বদলে রাতে শুধু স্যুপ খান।
জলখাবারে তারকা প্রযোজক পাতে রাখেন ফলের রস ও জোয়ারের রুটি। এভাবেই গোটা দিনের ডায়েট নতুন করে সাজিয়েছেন তিনি। কোনও ফ্যান্সি ফিটনেস প্ল্যানেও অংশ নেননি। শুধু নিজের চেষ্টা আর অভ্যাসের পরিবর্তন। তবে হঠাৎ করেই এই বদলের চিন্তা এসেছে তাঁর মাথায়, তা নয়। আগে এক সাক্ষাৎকারে বনি কাপুর বলেছিলেন, কীভাবে তাঁর প্রয়াত স্ত্রী, তারকা অভিনেত্রী শ্রীদেবী, তাঁকে ওজন ঝরানোর জন্য অনুপ্রাণিত করেছিলেন। বনি বলেছিলেন, ‘আমার স্ত্রী আমাকে কী বলেছিলেন সেটাই মনে করছিলাম। বলেছিলেন, যদি নিজের চুল নিয়ে কিছু করতে চাও তাহলে সবার আগে ওজন ঝরাতে হবে।’ শ্রীদেবী সবসময় চাইতেন যে নিজের শরীরের যত্ন নিন বনি। মজা করে সেই আলোচনা থামিয়ে দিতেন প্রযোজক। তবে এই আবেগঘন স্মৃতি যে তাঁর ওজন ঝরানোর অন্যতম বড় অনুপ্রেরণা তা বলাই বাহুল্য।
