অবশেষে কি ঘটতে চলেছে অপেক্ষার অবসান? সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে ভারতীয় ফুটবল দলের হেড কোচের নাম। এও জানা গিয়েছে, সেই নামটি খালিদ জামিল হওয়ার সম্ভাবনাই বেশি। সর্বভারতীয় ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্যরা খালিদকেই চাইছেন কোচ হিসেবে।
মানালো মার্কেজ বিদায় নেওয়ার পর থেকে মোট ১৭০ জন ভারতীয় দলের কোচ হতে চেয়ে আবেদন জানিয়েছেন। এর মধ্যে রয়েছে রবি ফাউলার কিংবা অ্যান্টোনিও হাবাসের মতো নামও। তবে এআইএফএফের জাতীয় দলের ডিরেক্টর সুব্রত পাল জানিয়েছেন, সবকটি বায়োডেটা স্ক্রুটিনি করে দেখার পর তিনজনের নাম পাঠিয়েছে টেকনিক্যাল কমিটি। এই তিনজন হলেন খালিদ জামিল, স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্টেফান তারকোভিচ।
এই তিনজনের মধ্যে আবার স্বদেশি কোচ খালিদ জামিলের পাল্লাই বেশি ভারী বলে জানা গিয়েছে। ২০১৭ সালে আইজলকে আই লিগ চ্যাম্পিয়ন করার পাশাপাশি আইএসএলেও কোচ হিসেবে যথেষ্ট ভালো রেকর্ড খালিদের। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুরকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। সেই সাফল্যগুলির কথাও তুলে ধরেছেন সুব্রত পাল। ফলে মনে করা হচ্ছে, ভারতের কোচ হিসাবে শেষপর্যন্ত হয়তো খালিদকেই বেছে নিতে চলেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যদিও এও জানা গিয়েছে, এর আগে দু’বার ভারতীয় কোচের দায়িত্ব পালন করা কনস্ট্যানটাইনের প্রতিও সমর্থন রয়েছে টেকনিক্যাল কমিটির।
এ দিকে খালিদ যদি ভারতের হেড কোচ নির্বাচিত হন সে ক্ষেত্রে তিনি হবেন ভারতীয় ফুটবল দলের ইতিহাসে দ্বিতীয় স্বদেশি কোচ। জাতীয় দলের প্রথম ভারতীয় কোচ ছিলেন সুখবিন্দর সিং। এর পর অবশ্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ছিলেন আর্মান্দো কোলাসো এবং সাভিও মেদেইরা। সব ঠিকঠাক থাকলে পূর্ণ সময়ের জন্য দ্বিতীয় স্বদেশি কোচ হতে চলেছেন খালিদ জামিল। জানা গিয়েছে, পারিশ্রমিকের বিষয়ে খালিদের সঙ্গে কথা বলতে পারে এআইএফএফ। ফেডারেশনের প্রস্তাব মনঃপূত হলে দায়িত্ব নিতে পারেন খালিদ।
