তিনি মৃত্যুকে জয় করে ফিরে এসেছেন! তিনি যেন হার না মানা এক জীবন যোদ্ধা! বৃহস্পতিবার ম্যানচেস্টারে সেটাই আর একবার দেখিয়ে দিলেন ঋষভ পন্থ। বুধবার ম্যাচের প্রথম দিন ডান পায়ের পাতায় যে চোট পন্থ পেয়েছিলেন, তাতে আশঙ্কা দেখা দিয়েছিল, চলতি সিরিজে তাঁকে হয়তো আর দেখা যাবে না। কিন্তু বৃহস্পতিবার দলের দুংসময়ে লড়লেন বুক চিতিয়ে।
‘মেটাটারসাল ফ্র্যাকচারে’রও তাই সাধ্য হল না পন্থকে ময়দান থেকে দূরে সরিয়ে রাখার। দস্তানা হাতে উইকেটের পিছনে হয়তো দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব হবে না। কিন্তু ব্যাট হাতে নেমে তাঁকে নামতে দেখে দেখে ধারাভাষ্যকারদের দাবি, এই ইনিংসে পন্থ কত রান করবেন সেটা বিবেচ্য বিষয় নয়। তিনি যে নেমেছেন সেটাই বড় কথা। তিনি ১ রান নিলেও সেটা ৪ রানের সমান। শেষ পর্যন্ত অবশ্য পন্থ ব্যক্তিগত ৫৪ রানে আউট হয়ে যান।
ভারতীয় সহ অধিনায়কের পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে বলে অনুমান করা হচ্ছে। ডাক্তারি পরিভাষায় যাকে বলে, ‘মেটাটারসাল ফ্র্যাকচার’। বিসিসিআইয়ের তরফে সরাসরি ঘোষণা না করা হলেও জানা গিয়েছে যে পন্থকে ৬ মাস বিশ্রামের নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। যার ফলে তাঁর বিকল্প ক্রিকেটারের কথাও ভাবতে শুরু করে দিয়েছে বোর্ড। শোনা যাচ্ছে, পঞ্চম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন ঈশান কিষান। কিন্তু সেসব হওয়ার আগেই এদিন আরেকবার ভেলকি দেখিয়ে দিলেন পন্থ।
ঋষভের অস্ত্রোপচার হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। চোট কতটা গুরুতর, তা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার ক্রিস ওকসের ইয়র্কার বল রিভার্স সুইপ করতে গিয়ে তিনি যখন চোট পান, তারপর ব্যথায় রীতিমতো ছটফট করতে দেখা গিয়েছে তাঁকে। তখন কে জানত, ২৪ ঘন্টার মধ্যেই এই পন্থের হাতেই লেখা হবে লড়াইয়ের আরেকটি নতুন পরিভাষা!
শার্দূলের আউট হওয়ার পর নামার কথা ছিল অভিষেককারী অংশুল কম্বোজের। কিন্তু তাঁর পরিবর্তে ভাঙা পা নিয়ে পন্থকে নামতে দেখে কিছুটা হকচকিয়ে যান ইংল্যান্ডের ক্রিকেটাররা। ব্যক্তিগত ৫৪ রানে পন্থ অবশ্য আর্চারের বলে বোল্ড হয়ে যান। কিন্তু বুঝিয়ে দিলেন তিনি আসলে অপরাজিত।
