ব্যাট হাতে অপ্রতিরোধ্য টিম ডেভিড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩৭ বলেই সেঞ্চুরি হাঁকালেন অজি ব্যাটার। সেই সুবাদে ভেঙে দিয়েছেন স্বদেশি ট্র্যাভিস হেড এবং মার্কাস স্টোইনিসের রেকর্ড। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানকারী ব্যাটারও হয়ে গিয়েছেন ডেভিড। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে রোহিত শর্মার বিশ্বরেকর্ড।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে প্রায় দু’মাস পর মাঠে ফিরছেন ডেভিড। ফিরেই ব্যাট হাতে বিস্ফোরণ ঘটালেন সেন্ট কিটসের মাঠে। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তুলেছিল ২১৪। জবাবে ডেভিডের বিধ্বংসী শতরানে ভর করে ২৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। সেই সুবাদে জিতে নিয়েছে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচে সব মিলিয়ে মোট ১১টি ছক্কা মেরেছেন টিম ডেভিড।
৩৭ বলে শতরানে পৌঁছনোর আগে এ দিন নিজের অর্ধশতরান পূর্ণ করতে ডেভিড নেন মাত্র ১৬ বল। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে মার্কাস স্টোইনিস এবং ট্র্যাভিস হেড ১৭ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এরপর মাত্র ৩৭ বলে তিন অঙ্ক ছুঁয়ে গড়ে ফেলেন অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড। একটুর জন্য তিনি রোহিতের দ্রুততম শতরানের বিশ্বরেকর্ডটি ভাঙতে পারেননি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে শতরান করেছিলেন হিটম্যান। এছাড়া দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারেরও ৩৫ বলে সেঞ্চুরি করার নজির রয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে। এই দু’জনকে টপকে দ্রুততম শতরানের রেকর্ড গড়ার সুযোগ এ দিন ডেভিডের সামনে থাকলেও শেষ পর্যন্ত তিনি তা করতে ব্যর্থ। উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৭ বলে শতরান করার নজির রয়েছে ভারতের অভিষেক শর্মারও। চলতি বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে এই ইনিংসটি খেলেন তিনি।
