ভোটার তালিকায় নাম তোলার জন্য যে ই আর ও নেট রয়েছে, তার পাস ওয়ার্ড অন্তত দু’টি জেলায় একেবারে নিচুস্তরের কর্মী, এমনকী ক্যাজুয়াল কর্মীদের হাতে পৌঁছে গিয়েছে।
সেই সুযোগে দু’ টি জেলায় প্রচুর ভুয়ো ভোটারের নাম তালিকায় উঠেছে। এই ঘটনা ধরা পড়েছে নাম নথিভুক্তকরণের আবেদন পত্র ৬ নম্বর ফর্ম নমুনা পরীক্ষা করতে গিয়ে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা নির্বাচন অফিসারদের এ ব্যাপারে সতর্ক করে মঙ্গলবার সমস্ত জেলাশাসককে চিঠি দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে অন্তত দু’ জন ই আর ও স্বীকার করেছেন, এ আর ও বা সহকারী রির্টানিং অফিসারকে তাঁরা পাস ওয়ার্ড দিয়েছেন, যা ব্লকের ও সি ইলেকশনের হাত ঘুরে চলে যায় ক্যাজুয়াল কর্মীদের হাতেও।
রাজ্যের মুখ্য নির্বাচন অফিস সূত্রের খবর, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনাতে এই ধরনের ঘটনা ঘটেছে। সোমবার ওই জেলার নির্বাচন অফিসারের সিইও অফিসে ডেকে পাঠিয়ে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। ঘটনার কথা জানানো হয়েছে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরেও।
পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক চিঠি দিয়ে এই কাজ না করার জন্য সমস্ত জেলা নির্বাচন অফিসারদের সতর্ক করে দিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বিডিও অফিসে স্তরে যে ও সি নির্বাচন রয়েছেন, তাঁরা কোনও মতেই নাম তোলা বা বাতিল করা, সংশোধন করার ফর্মের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নন। জেলা নির্বাচন অফিসারদের তা মনে রাখতে হবে।
Leave a comment
Leave a comment
