একদিকে কোচ নিয়োগ করা নিয়ে বিতর্কের পর বিতর্ক। অন্যদিকে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা। এ সবের মাঝেই সুখবর পেল ভারতীয় ফুটবল দল। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতীয় দলকে আমন্ত্রণ জানানো হয়েছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন নেশনস কাপে (CAFA Nations Cup 2025)। আগামী ২৮ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর যা যৌথভাবে আয়োজিত হতে চলেছে তাজিকিস্তান এবং উজবেকিস্তানের মাটিতে।
এশিয়ান কাপে ভারত যোগ্যতা অর্জন করতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। তার আগেই ছয়-দলীয় কাফা নেশনস কাপের ছাড়পত্র পেয়ে গেলেন সুনীল-শুভাশীষরা। জানা গিয়েছে, প্রতিযোগিতাটি থেকে মালয়েশিয়া সরে দাঁড়ানোর ফলে তৈরি হয়েছিল শূন্যস্থান। সেই শূন্যস্থান ভরাট করতেই আমন্ত্রণ জানানো হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF)। এই টালমাটাল সময়ে যা নিঃসন্দেহে এক গর্বের বিষয়।
এ দিকে কাফা নেশনস কাপ থেকে মালয়েশিয়ার নাম প্রত্যাহার করে নেওয়ার কারণ একাধিক। একাধিক সমস্যায় জর্জরিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। তার মধ্যে জানা যাচ্ছে, ফিফার আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো (১ থেকে ৯ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতার সঙ্গে মিলে গিয়েছে পুরোপুরি। ফলে পূর্ণশক্তির দল গঠন করা সম্ভব নয় মালয়েশিয়ার পক্ষে। মূলত সেই কারণেই কাফা নেশনস কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আর তাতেই কপাল খুলে গিয়েছে ভারতের। যদিও এই টুর্নামেন্টে ভারতের জন্য লড়াইটা মোটেই সহজ হবে না। ভারত রয়েছে গ্রুপ সি’তে। আর সেখানেই রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা ইরান। এছাড়াও প্রতিপক্ষ হিসেবে ভারত পাবে আয়োজক তাজিকিস্তান এবং আফগানিস্তানকে। সম্ভবত আগামী ২৯ অগাস্ট তাজিকিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। এরপর এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরানের বিরুদ্ধে ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর। আফগানিস্তানের সঙ্গে ম্যাচ আগামী ৪ সেপ্টেম্বর।
