নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। তবে কি কাজের ক্ষেত্রে ফের আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা? নতুন করে তিনি শিরোনামে উঠে এলেন এক পুরনো আইনি বিতর্কের কারণে। পাঞ্জাবের জলন্ধরের একটি আদালতে তিনি ২৮ জুলাই আত্মসমর্পণ করেন। এই মামলা ২০১৭ সালের ছবি ‘বহেন হোগি তেরি’-কে ঘিরে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আদালত থেকে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে এবং এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৩০ জুলাই।
ঠিক কী ঘটেছিল? ২০১৭ সালে এই বিতর্কের সূত্রপাত হয় ‘বহেন হোগি তেরি’ ছবির একটি দৃশ্য ও পোস্টারকে কেন্দ্র করে, যেখানে রাজকুমার রাওকে দেখা যায় বাইকের উপর বসে রয়েছেন এবং তাঁর সাজ পোশাক ভগবান শিবের মতো। এই দৃশ্যেই আপত্তি জানিয়ে এক স্থানীয় শিবসেনা নেতা পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন যে, এই ছবি ও দৃশ্য ধর্মীয় ভাবাবেগে আঘাত হানছে। এরপর রাজকুমার রাও, পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমূল বিকাশ মোহলে এবং অভিনেত্রী শ্রুতি হাসানের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
প্রথমে রাজকুমার রাওকে আদালতে হাজির হতে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে। তবে তার আগেই তিনি আগাম জামিন নিয়েছিলেন। তবে গত ২৮ জুলাই ৮ বছর পুরনো সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর অভিনেতাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত রাজকুমার রাও বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি আসেনি।
অন্যদিকে ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, খুব শীঘ্রই বাবা হতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও। তাঁর স্ত্রী পত্রলেখা অন্তঃসত্ত্বা। সম্প্রতি তাঁকে অমৃতসরের স্বর্ণ মন্দিরে দেখা গিয়েছে, যেখানে তিনি আশীর্বাদ নিতে গিয়েছিলেন। অন্যদিকে কাজের ক্ষেত্রে, রাজকুমার রাওকে এরপর দেখা যাবে ‘টোস্টার’ ছবিতে। চলতি বছরে তাঁর অভিনীত ‘ভুলচুক মাফ’ ও ‘মালিক’ ছবিগুলি মুক্তি পেয়েছে।
