২৫ শতাংশ শুল্ক এবং বাড়তি জরিমানা বসানোর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভারতকে নিয়ে ফের বিস্ফোরক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে একসঙ্গে ভারত এবং রাশিয়াকে তীব্র কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘ভারত ও রাশিয়ার অর্থনীতি আসলে মৃত। ডুববেও একসঙ্গে। তাতে আমার কিছু যায় আসে না।’
ভারতের সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে ট্রাম্প লেখেন, ‘আমেরিকার ওপর ভারত যে হারে সর্বোচ্চ শুল্ক আরোপ করে সেই কারণে এমনিতেই ওদের সঙ্গে আমরা কম বাণিজ্য করার চেষ্টা করি। ভারত আমাদের বন্ধু হলেও ওদের সঙ্গে ব্যবসা সবসময়ই সীমিত। অন্যদিকে আমেরিকার সঙ্গে রাশিয়ারও কোনও ব্যবসা নেই, আর তেমনটাই থাকা উচিত। আর যাদের সঙ্গে আমাদের কোনও বাণিজ্যিক সম্পর্কই নেই, তাদের অর্থনীতির কি হচ্ছে না হচ্ছে তাতে আমাদের কি ?’
নিজের বক্তব্য প্রসঙ্গে ইউক্রেন যুদ্ধ টেনে এনে ভারতকে প্ররোক্ষভাবে রাশিয়াকে যুদ্ধে মদত দেওয়ার কথাও বলেছেন তিনি। ট্রাম্পের অভিযোগ, ‘যখন গোটা বিশ্ব রাশিয়াকে ইউক্রেনে রক্তপাত বন্ধ করতে বলছে ঠিক সেইসময় ভারত ও চীন মিলে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি গ্রাহক হয়ে উঠেছে।’
ইতিমধ্যে সংবাদমাধ্যমে ট্রাম্প কার্যত বিস্ফোরক দাবি করে এও বলেছেন, ব্রিকস গোষ্ঠীতে যারা রয়েছে, তারা আদতে আমেরিকা বিরোধী। তাৎপর্যপূর্ণভাবে এর সদস্য ভারতও। যদিও শুল্ক এবং জরিমানার বিষয় নিয়ে এখনও নয়াদিল্লির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ‘আমরা এখনও ভারতের সঙ্গে এই শুল্ক বিষয় নিয়ে কথা বলছি। কী হয় দেখা যাক।
Leave a comment
Leave a comment
