বাংলাদেশে এখন জুলাই এসে গেছে। গত বছর যে আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, এখন তার ভাগ নিতে চাইছেন সকলেই। লাভের ফসল খেতে চাইছেন চেটেপুটে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে বৃহস্পতিবার থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে রাখে ‘জুলাই যোদ্ধা’ নামের কিছু প্রতিবাদী সংগঠন। এর ফলে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এই অবরোধ চলছিল শুক্রবারও। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার সন্ধ্যেবেলায় আরেক দল ব্যক্তি নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ বলে দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন। প্রথম আলোর খবর অনুযায়ী তাঁরা নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা নাম দিয়ে শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড সরিয়ে দেয়। তবে এসব করতে গিয়েই শুরু হয় দু-পক্ষের সংঘর্ষ। সেই সংঘর্ষ থামাতে পুলিসকে লাঠিচার্জ করতে হয়। লাঠিচার্জে অন্তত ৮ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তারপর শাহবাগ মোড় দিয়ে পুরোদমে যান চলাচল শুরু হয়।
কিন্তু এই জুলাই যোদ্ধাদের আসল নকল নিয়েই প্রশ্ন উঠেছে বাংলাদেশ জুড়ে। হাসিনা জমানার পতনের পর প্রায় সব রাজনৈতিক দলই দেশের ভালো চেয়ে আন্দোলনে নেমেছে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলই নিজেকে দেশপ্রেমিক হিসেবে দাবি করে এবং নিজেদের কর্মকাণ্ডকে দেশের কল্যাণে নিবেদিত বলে তুলে ধরে। প্রত্যেকেই দেশের ভালো চাইলেও নিজেদের মধ্যে বিরোধেরও শেষ নেই। এরই সর্বশেষ উদাহরণ হল জুলাই যোদ্ধাদের আসল ও নকল।
