বাংলা ভাষা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার যখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ঠিক সে সময়েই দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে আটক পাঁচজন। দিল্লি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে ৫ জন যুবক লালকেল্লায় প্রবেশের চেষ্টা করছিল। সে সময় তাদের আটক করা হয়। ধৃতেরা সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের কাছ থেকে বাংলাদেশি নথি মিলেছে বলে দিল্লি পুলিশের দাবি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাঁচজনই রাজধানীতে শ্রমিকের কাজ করতেন। আসন্ন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে লালকেল্লা। সেই সময় এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।
দিল্লি পুলিশের ডিসিপি রাজা ভাটিয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে লালকেল্লার কাছ থেকে সন্দেহজনক পাঁচ ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মাস পাঁচেক আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাদের কাছ থেকে বাংলদেশি নথি মিলেছে। তবে ধৃতদের কাছ থেকে কোনও সন্দেহজনক জিনিস উদ্ধার হয়নি। যদিও স্বাধীনতা দিবসের ঠিক আগে পাঁচ বাংলাদেশির পাকড়াও হওয়ার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
ওই ৫ অনুপ্রবেশকারীকে জিজ্ঞাসাবাদ করেছেন এনআইএ-র গোয়েন্দারা। অন্যদিকে ধৃতদের দাবি, তারা জানত না যে ১৫ জুলাই থেকে লালকেল্লা জনসাধারণের জন্য বন্ধ থাকে।
দিল্লি পুলিশ জানিয়েছে, লাল কেল্লার অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে ওই ৫ জনকে আটক করা হয়েছে। ধৃতদের বয়স ২০-২৫ বছরের মধ্যে। পাঁচজনই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। অবৈধভাবে এদেশে থাকছিল তারা। ধৃতদের কাছে লালাকেল্লায় ঢোকার বৈধ কোনও কাগজ ছিল না। ওই পাঁচ যুবক কোনও নাশকতা চালানোর উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল কিনা তা খতিয়ে দিচ্ছে এনআইএ।
Leave a comment
Leave a comment
