২০২৩ সালে মুক্তি পাওয়ার পর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। সেই সময় থেকেই ছবিটিকে অনেকেই অক্ষয় কুমার অভিনীত ‘জানোয়ার’ ছবির সঙ্গে তুলনা করতে থাকেন। দর্শকদের একাংশ মনে করেন, দুটি ছবির প্লটের মধ্যে বহু মিল রয়েছে। এবার এক সাক্ষাৎকারে ‘জানোয়ার’ ছবির পরিচালক সুনীল দর্শন সরাসরি অভিযোগ করলেন, তাঁর সিনেমার গল্প চুরি করেছেন ভাঙ্গা।
‘বলিউড বাবল’কে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেন, “আমি এখন কীভাবে আমার ছবি রিমেক করব? আমার বহু ছবিরই তো মানুষ নকল করে নিয়েছে। একটা ছবি আছে ‘জানোয়ার’ নামে। তার ইংরেজি মানে কী? তার কাহিনি কী ছিল? আপনি ‘অ্যানিম্যাল’ দেখেছেন তো? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি! তবে আমি কোনও দাবি করি না, কারণ পরিচালক (সন্দীপ রেড্ডি ভাঙ্গা) ছবিটাকে খুব অন্যরকমভাবে পরিবেশন করেছেন এবং ভালোভাবেই পরিচালনা করেছেন। কিন্তু যদি প্রযোজক সত্যিটা স্বীকার করতেন, তাহলে আরও ভালো লাগত।”
সুনীল আরও বলেন, “আমি চুপ করে থাকাই শ্রেয় মনে করেছি। কারণ এরকম আরও অনেক ছবি হয়েছে, যেগুলো সুপারহিট হয়েছে। আমি মনে করি আমার সিনেমা এখনও বহু মানুষকে অনুপ্রাণিত করে, এবং সেইসব ছবি ব্লকবাস্টারও হচ্ছে। এমন এক সুপারস্টার অভিনেতাও আছেন, যিনি একটি এমন ছবি করেছেন, যেটি আমার এক ছবির সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। গল্প যিনি লিখেছেন, তিনিও একজন বিশাল নামী ব্যক্তি। সেই ছবিও ছিল ব্লকবাস্টার। তাই আপনারা যদি সেই ছবিগুলো দেখেন, তাহলে মিল খুঁজে পাবেন।”
১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানোয়ার’-এ অক্ষয় কুমার অভিনয় করেছেন বাবু নামক এক অনাথ যুবকের চরিত্রে, যে এক গ্যাংস্টারের প্রভাবে অপরাধী হয়ে ওঠে। কিন্তু একটি দুর্ঘটনার পরে সে নিজেকে বদলে ফেলে, এক অনাথ শিশুকে দত্তক নিয়ে সৎ পথে জীবনযাপন শুরু করে। কিন্তু অতীত তার পিছু ছাড়ে না। অন্যদিকে, ‘অ্যানিম্যাল’-এ রণবীর কাপুর অভিনয় করেছেন অর্জুন নামক এক শিল্পপতির ছেলের চরিত্রে। বাবার সঙ্গে জটিল সম্পর্ক এবং এক হত্যাচেষ্টার পর অর্জুনের জীবন নেমে যায় হিংস্রতা ও প্রতিহিংসার পথে।
যদিও দুই ছবির গঠন আলাদা, অনেক দর্শকের মতে থিম ও ভিজ্যুয়াল উপস্থাপনার মধ্যে মিল রয়েছে। ‘জানোয়ার’ সেই সময়ের অন্যতম সফল ছবি ছিল, এবং ‘অ্যানিম্যাল’ বিশ্বজুড়ে ৯১৫ কোটি টাকার ব্যবসা করে, যদিও ছবিটি হিংস্রতা ও নারী-বিদ্বেষী দৃষ্টিভঙ্গির জন্য বিপুল পরিমাণে সমালোচিতও হয়েছিল।
