পুলিস সার্ভিসে অসামান্য ভূমিকা এবং প্রশংসনীয় উদ্যোগের জন্য স্বাধীনতা দিবসের সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত থেকে বিশেষ পুলিস মেডেল পেতে চলেছেন ছয় পুলিসকর্তা। আগামী ১৫ আগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই দুটি ক্যাটিগরিতে বিশেষ পুলিস মেডেল পাবেন ছয় পুলিস কর্তা। পুলিসের ভূমিকায় অসামান্য পারফরমেন্সের জন্য যে চারজন পুলিশকর্তা এই বিশেষ মেডেল পেতে চলেছেন তাঁরা হলেন মালদা রেঞ্জের বর্তমান আইজি দীপনারায়ণ গোস্বামী, রাজ্যের আইজি ট্রাফিক গৌরব শর্মা, কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদ এবং এসটিএফ-এর ডিআইজি দেবস্মিতা দাস। এছাড়াও পুলিস সার্ভিসে প্রশংসনীয় অবদানের জন্য যে দুই পুলিস কর্তাকে এই বিশেষ পুরস্কারে মনোনীত করা হয়েছে, তাঁরা হলেন ঝাড়গ্রামের পুলিস সুপার অরিজিৎ সিনহা এবং বাঁকুড়া জেলা পুলিসের সাব-ইন্সপেক্টর ঈশ্বর সোরেন। উল্লেখযোগ্য, বুধবার ও বৃহস্পতিবার ঝাড়গ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরস্কার প্রাপক ৬ পুলিস কর্তাকে আগামী ১৫ আগস্ট কলকাতার রেড রোডের স্বাধীনতার মঞ্চে এবং বিশেষ প্যারেডে উপস্থিত থাকার জন্য রাজ্য পুলিসের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
