সন্ধ্যায় কিছু মিষ্টি খেতে মন চাইছে? অথবা কারও জন্মদিন কেক আনতে ভুলে গেছেন? এখনই একটা কেক চাই! বাড়ির ছোটদের মুখ ভার? তখন এক কাপ ম্যাজিকেই তৈরি হয়ে যেতে পারে একটা মাইক্রোওয়েভ মগ কেক! গ্যাস, ওভেন, মাপামাপি— এসব ঝামেলা ছাড়াই, ৫ মিনিটেই রেডি একটা স্পঞ্জি, চকলেটি কেক।
এই রেসিপিটা একদম প্রথম বার রান্না করতে চাইছেন এমন কারও জন্যও পারফেক্ট।
এই কেক বানাতে যে উপকরণগুলো লাগবে:
• ময়দা – ৪ টেবিলচামচ
• কোকো পাউডার – ২ টেবিলচামচ
• চিনি – ৩ টেবিলচামচ (স্বাদমতো কমবেশি করা যায়)
• বেকিং পাউডার – ১/৪ চা চামচ
• নুন – এক চিমটে
• দুধ – ৩ টেবিলচামচ
• সাদা তেল/বাটার – ২ টেবিলচামচ
• ভ্যানিলা এসেন্স – ২ ফোঁটা
• চকলেট চিপস / বাদাম / কাটা চকোলেট – ১ টেবিলচামচ (এগুলো দিতেও পারেন, না দিলেও চলবে)
কীভাবে চোখের নিমেষে তৈরি হবে এই কেক?
প্রথমেই একটা বড় কফি মগ বা কাপ নিন – অন্তত ৩৫০ মিলি পরিমাপের হলে ভালো। তার বেশি যেন না হয়। তাতে এবার ময়দা, কোকো পাউডার, চিনি, বেকিং পাউডার ও নুন ভালো করে মেশাতে হবে। এবার দুধ, তেল (বা গলানো বাটার) ও ভ্যানিলা এসেন্স যোগ করে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মসৃণ ব্যাটার তৈরি করতে হবে, যেন কোনও দলা না থাকে। যদি বাড়িতে থাকে, কিছু চকলেট চিপস বা বাদাম মেশানো যেতে পারে মিশ্রণে – এতে স্বাদ দ্বিগুণ হবে। এবার কাপটিকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিন।
৮০০ ওয়াটে প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ড ঘুরিয়ে নিন। বিভিন্ন মাইক্রোওয়েভের টাইম আলাদা হতে পারে, তাই ১ মিনিটের পর থেকে দেখে নেওয়া ভালো।
কেকটা ফুলে উঠলেই বুঝতে হবে – তৈরি! কাঁটা চামচ ঢুকিয়ে দেখে নিতে হবে ভেতরটা পুরো নরম হয়ে বেক হয়েছে কি না।
এবার খাওয়ার পালা! পরিবেশন করার সময় ওপর থেকে একটু চকোলেট সিরাপ ঢেলে দেওয়া যেতে পারে। চাইলে এক স্কুপ আইসক্রিম দিয়েও উপভোগ করা যেতে পারে। মগ কেকটা গরম গরম খেলেই সবচেয়ে ভালো! একটা পরামর্শ, খুব বেশিক্ষণ মাইক্রোওয়েভে গরম না করাই ভালো, তাতে শুকনো হয়ে যেতে পারে কেকটা।
