একেবারে নজিরবিহীন ঘটনা পাকিস্তান ক্রিকেটে। মহিলা ক্রিকেটারদের বেতন এক লাফে বেড়ে গেল ৫০ শতাংশ। পাশাপাশি এও জানা গিয়েছে যে মোট ২০ জন মহিলা ক্রিকেটারকে সঙ্গে কেন্দ্রীয় চুক্তির আওতায় রেখেছে পাক বোর্ড। এই তালিকায় রয়েছেন ফতিমা সানা, মুনিবা আলির মত ক্রিকেটাররা।
মাত্র মাস ছয়েক আগেই শোনা গিয়েছিল, মহিলা ক্রিকেটারদের পাকিস্তানে মাত্র ৩৫ হাজার টাকা (ভারতীয় মুদ্রায় ১০ হাজার টাকা) দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বার অন্তত নারীশক্তিকে সম্মান দেওয়ার পথে হাঁটল পিসিবি। যদিও কেন্দ্রীয় চুক্তিতে থাকা মহিলা ক্রিকেটাররা কত বেতন পাবেন তা এখনও জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি পাক বোর্ডের তরফে। তবে এটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২০ জনকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে।
ক্যাটাগরি এ’তে রয়েছেন পাক ক্রিকেট দলের নেত্রী ফতিমা সানা, উইকেট কিপার মুনিবা আলি, অলরাউন্ডার সিদরা আমিন এবং বোলার সাদিয়া ইকবাল। এরপর আরও তিনটি ক্যাটাগরিতে রয়েছেন পাকিস্তানের বিভিন্ন মহিলা ক্রিকেটাররা। তবে পঞ্চম ক্যাটেগরিটি রাখা হয়েছে দেশের উদীয়মান মহিলা ক্রিকেটারদের।
যদিও কোন ক্যাটাগরির ক্রিকেটাররা কত টাকা বেতন পাবেন তা এখনও ধার্য্য করা হয়নি। সূত্রের খবর, পূর্বতন কাঠামো অনুযায়ী ১,২০০০০ পাক রুপি পেতেন। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। এ বার সেই অঙ্কটা দ্বিগুণ হতে চলেছে। এর পরের ক্যাটেগরিভুক্ত ক্রিকেটাররা যথাক্রমে ভারতীয় মুদ্রায় ৮৩ হাজার এবং ৬২ হাজার টাকা পেতে চলেছেন।
