ম্যানচেস্টার টেস্টে ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ। ওভাল সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। টেস্টের পঞ্চম দিন সকালে ভাঙা কাঁধ নিয়ে কার্যত একহাতে ব্যাট করতে নামেন তিনি। এই ঘটনা হৃদয় ছুঁয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে, ধারাভাষ্যকাররা তো দেখে বিশ্বাসই করতে পারছিলেন না।
তবে এ বার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ওকস স্বয়ং। যদিও সেদিন তাঁকে একটি বলও ফেস করতে হয়নি। তবে ইংরেজ অলরাউন্ডার জানিয়েছেন, নামার জন্য তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। সেই সঙ্গে এও জানতেন যে প্রয়োজন পড়লে অবশ্যই ব্যাট করতে নামতে হবে তাকে। যদিও এত কিছুর পরও দল হেরে যাওয়ায় চূড়ান্ত হতাশ ওকস।
ওভাল টেস্টের পর সম্প্রতি একটি সাক্ষাৎকার নেওয়া হয় ওকসের। সেখানে তিনি বলেন, “আমি কিছুতূই মানতে পারছি না যে ওই জায়গাও থেকে জিততে পারিনি। কখনও ভাবিনি যে আমি নামব না। জয়ের জন্য যদি ১০০ রান বাকি থাকত, তা হলেও নামতাম। সবাই উঠে দাঁড়িয়ে আমাকে স্বাগত জানিয়েছে। যা পেয়ে ভালো লাগছে। কয়েকজন ভারতীয় ক্রিকেটার আমার সঙ্গে এসে কথা বলেন। তবে আমার জায়গায় অন্য কোনও প্লেয়ার থাকলেও এটাই করতেন। ৯ উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচের সমাপ্তি ঘোষণা করা যায় না।”
জানা গিয়েছে, কাঁধের হাড় সরে গিয়েছে ওকসের। তবু এরই মধ্যে দৌড়ে রান নিতে হয় তাঁকে। দেখেই বোঝা যাচ্ছিল, রীতিমতো কষ্ট হচ্ছে দৌড়তে। এ প্রসঙ্গে ওকস জানিয়েছেন, “প্রথম রানটা কঠিন ছিল। শুধু কোডিন নিয়েছিলাম আমি। প্রচণ্ড ব্যথা করছিল। কিন্তু মাঠে নামার পর আর কিছু মাথায় ছিল না। হাত স্লিংয়ে ঝোলানো থাকা সত্ত্বেও আমি রান নেওয়ার চেষ্টা করেছি। মনে হয়েছিল, কাঁধের হাড় বোধহয় আবার সরে গেল। তখন আমি হেলমেট ছুড়ে ফেলে, দাঁত দিয়ে গ্ল্যাভস খুলে দেখি কাঁধ ঠিক আছে কিনা।”
