ওভাল টেস্ট শুরুর আগে মাঠকর্মীদের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েছিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। অভিযোগের তির ছিল পিচ কিউরেটর লি ফর্টিসের দিকে। তাঁর বিরুদ্ধে উঠেছিল দ্বিচারিতার অভিযোগ উঠেছিল। ব্রেন্ডন ম্যাককালাম মাঝ পিচে দাঁড়িয়ে গল্প করলেও ভারতীয় কোচ গম্ভীরকে পিচের কাছে আসতে দেননি তিনি। টেস্ট তথা সিরিজ শেষ হওয়ার তিন দিন পর মুখ খুললেন ওভালের পিচ কিউরেটর। তিনি জানিয়ে দিলেন, খলনায়ক বানানো হয়েছে তাঁকে। সেই সঙ্গে তিনি ওভাল টেস্টের সঙ্গে তুলনা টানলেন আইপিএলে’রও।
ওভাল টেস্ট শুরু হয়েছিল গত বৃহস্পতিবার। তার দুদিন আগে কিউরেটরের সঙ্গে বিবাদে জড়ান গুরু গম্ভীর। আবহাওয়া এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পরিস্থিতি সামলাতে মাঠে নামতে হয় সীতাংশু কোটাক এবং অন্যান্য সহকারী কোচদের। তাঁরা কোনও মতে সরিয়ে নিয়ে যান গম্ভীরকে। এ বার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফর্টিসের দাবি, তিনি নিজের দায়িত্ব পালন করছিলেন কেবল। পাশাপাশি এও দাবি করেছেন, পুরো আইপিএলের আবহ ছিল সদ্য সমাপ্ত ওভাল টেস্টে।
ওভাল টেস্টে ভালো মানের পিচ তৈরি করলেও ভারতীয় সমর্থকদের চোখে রাতারাতি ‘খলনায়ক’ বনে গিয়েছেন লি ফর্টিস। টেস্ট শেষ হওয়ার তিন দিন পর তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় খুব স্বাভাবিকভাবেই তাঁর দিকে ধেয়ে আসে গম্ভীরের সঙ্গে তাঁর বচসার প্রসঙ্গ। জবাবে ফর্টিস বলেন, “আমি কখনওই খলনায়ক ছিলাম না। আমাকে খলনায়ক বানানো হয়েছে। আমি শুধু নিজের দায়িত্ব পালন করেছি।”
উল্লেখ্য, পিচ কিউরেটরের সঙ্গে বাগবিতণ্ডার সময় গম্ভীর এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে তাঁকে রীতিমতো চিৎকার করে বলতে শোনা যায়, “আমরা কী করব সেটা আপনারা ঠিক করতে পারেন না।” এই প্রসঙ্গে ফর্টিসের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে তোপ দাগেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানও। তবে ফর্টিস এই ভেবেই আনন্দিত যে, তিনি ভালো মানের পিচ উপহার দিতে পেরেছেন। বলেন, “খুব ভালো একটা ম্যাচ হয়েছে। আশা করি ওভালের মনোরম পরিবেশে সবাই ম্যাচটি উপভোগ করেছেন। পুরো আইপিএলের মতো পরিবেশ ছিল।”
