ওভাল টেস্টের পর কারও নাম না করে সমাজ মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন ইরফান পাঠান। তিনি লেখেন, ক্রিকেট কারও জন্য থেমে থাকে না। এরপরই শুরু হয়ে যায় নানা রকম জল্পনা। নেটিজেনদের কেউ কেউ মনে করেছিলেন, পাঠানের নিশানা জশপ্রীত বুমরাহর দিকেই। যাঁকে ছাড়াই ওভালে জয় পেয়েছে ভারত। তবে এ বার আর হাওয়ায় কথা ছুঁড়ে দেওয়া নয়। বিশ্বের এক নম্বর বোলারের সরাসরি অভিযোগ আনলেন পাঠান।
সদ্য সমাপ্ত সিরিজে ৫ টেস্টের মধ্যে মাত্র তিনটিতেই খেলেছেন বুমরাহ। ওয়ার্কলোডের কারণে বাকি দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। যে বিষয়টির বিরোধিতায় আগেও সরব হয়েছিলেন ইরফান। আর এ বার তাঁর প্রশ্ন, এ ভাবে আর কতদিন বেছে বেছে ম্যাচ খেলবেন বুমরাহ? ওভালে বুমরাহর অনুপস্থিতিতে বলা যেতে পারে একার হাতেই দলকে জিতিয়েছেন মহম্মদ সিরাজ। এর পরই বিশ্বসেরা বোলারকে আরেকটু বেশি দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়েছেন ছোট পাঠান।
লর্ডসে টেস্টের উল্লেখ করে পাঠান জানান, “ওই ম্যাচের ষষ্ঠ ওভারের কথা ভাবুন। আমি ধারাভাষ্য দিতে গিয়েও একই কথা বলেছিলাম। জো রুটকে বুমরাহ ১১ বার আউট করেছে। লর্ডস টেস্টে ও ৫ ওভার বল করত। হয়তো পরের ওভারেই রুটকে আউট করে দিতে পারত।” এরই সঙ্গে জুড়ে দেন, “আমার যেটা মনে হয়, নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল ও। এ ছাড়া বেছে বেছে ম্যাচ খেলা তো আছেই। সকলেই দেখতে পাচ্ছেন সেটা।”
পাশাপাশি ইংল্যান্ড সফরে বুমরাহর বোলিং পারফরম্যান্সকেও খুব একটা নম্বর দিতে নারাজ ইরফান। তাঁর কথায়, “দশে ছয় পাবে বুমরাহ্। সিনিয়র ক্রিকেটার হিসাবে দলকে জেতানো ওর দায়িত্ব। সেখানে ও মাত্র তিনটি টেস্ট খেলেছে। যার একটিতেও ভারত জেতেনি।” আরও বলেন, “প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিল ও। কিন্তু দ্বিতীয় ইনিংসে কোনও উইকেটই পায়নি। লিডসে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে বুমরাহকে দেখিনি আমরা। ফলে বড় রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড।”
