বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি এক অনুষ্ঠানে হিন্দি ভাষায় কথা বলতে অস্বীকার করায় নতুন বিতর্কে জড়ালেন। এক পাপারাজ্জি তাঁকে হিন্দিতে কিছু বলার অনুরোধ করলে তিনি রীতিমতো বিরক্ত হয়ে বলেন, ‘হিন্দিতে বলব এখন? যাঁর বোঝার ঠিকই বুঝতে পারবেন!’
মুহূর্তের মধ্যে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের একাংশ কাজলের এমন ব্যবহারে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে তাঁকে ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে’ বলেন।
এক নেটিজেনের মন্তব্য, ‘হিন্দিতে কথা বলতে যদি এত অস্বস্তি ও লজ্জা হয়, তাহলে বলিউডে কাজ করা উচিত নয়। এত ডাবল স্ট্যান্ডার্ড কীসের?’ অপর একজন লেখেন, ‘হিন্দি ছবিতে কাজ করছেন, আবার হিন্দিতে কথা বলতেও চাইছেন না? তাহলে মারাঠি ছবিতেই কাজ করুন। যদি হিন্দিকে ঘৃণা করেন, তাহলে হিন্দিতে ছবি ডাব করাও বন্ধ করুন।’
ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন মহারাষ্ট্রে ভাষা নিয়ে নতুন করে নানা চর্চা চলছে। চলতি বছরের এপ্রিল মাসে মহারাষ্ট্র সরকার স্কুলে হিন্দিকে তৃতীয় ভাষা হিসাবে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয়। তবে তারপর থেকে মুম্বই ও পুনে-সহ বিভিন্ন জায়গায় মারাঠি না বলার কারণে ঝামেলা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে, যেখানে MNS কর্মীদের ভূমিকা নিয়েও বিতর্ক রয়েছে।
এর আগেও, অভিনেত্রী রেনুকা শাহানে এই ভাষা বিতর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন। তিনি বলেন, ‘যে জায়গায় আপনি দীর্ঘদিন থাকেন, সেখানকার স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানো খুব জরুরি। এটা শুধু একটা ভাষা বলা নয়, বরং সেই সংস্কৃতির প্রতি সম্মান জানানোও বটে।’
কাজলের মন্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে বলেই মত অনেকের। যদিও অভিনেত্রী এই বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না বলেই মনে হচ্ছে। এই অনুষ্ঠানে তিনি তাঁর মা, বর্ষীয়ান অভিনেত্রী তনুজার সঙ্গে উপস্থিত ছিলেন। আবেগঘন পোস্টও করেন এই অনুষ্ঠান নিয়ে।
