বিকেলের হালকা খিদে হোক বা সকালবেলার তাড়াহুড়ো, একটা ঝটপট বানানো সুস্বাদু খাবারই তখন সময় ও পেট দুইই বাঁচায়। এমন সময়ে ‘চিকেন মেয়ো স্যান্ডউইচ’ হতে পারে পারফেক্ট অপশন! নরম স্যান্ডউইচ পাউরুটি, সেদ্ধ চিকেনের হালকা ফ্লেভার আর ক্রিমি মেয়োনিজ – সব মিলে একেবারে কফি শপের মতো টেস্ট কিন্তু একদম ঘরোয়া কায়দায়। যাঁরা রান্নায় একেবারে নতুন বা খুব ব্যস্ত, তাঁরাও সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপি।
কী কী লাগবে?
• সেদ্ধ চিকেন (হাড় ছাড়া অর্থাৎ বোনলেস) – আধ কাপ
• মেয়োনিজ – ৩-৪ টেবিল চামচ
• গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ
• নুন – স্বাদমতো
• সেদ্ধ ডিম (নাও দিতে পারেন) – ১টি, কুচনো
• পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ
• পাউরুটি – ৪ টুকরো
• মাখন – সামান্য (প্যান গ্রিল করার জন্য)
• ধনে পাতা বা লেটুস (নাও দেওয়া যেতে পারে) – সামান্য
ঝটপট কীভাবে এই স্যান্ডউইচ বানাবেন? রইল রেসিপি।
একদম প্রথমে সেদ্ধ চিকেনটা ঠান্ডা করে ছোট ছোট করে টুকরো করে নিন। হাত দিয়েই ছিঁড়ে নিতে পারেন। শ্রেডেড চিকেন যাকে বলে আর কী! এবার একটা বাটিতে চিকেন, মেয়োনিজ, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, নুন আর চাইলে কুচনো ডিম মিশিয়ে নিন ভালো করে। মিশ্রণটা যেন ক্রিমি হয় যাতে পাউরুটির উপর ভালো করে ছড়িয়ে দেওয়া যায়। এবার পাউরুটির ওপর এই মিশ্রণ সমানভাবে ছড়িয়ে দিন। চাইলে একটু লেটুস পাতাও দিতে পারেন। এরপর ওপর থেকে আরেকটা পাউরুটি চাপা দিন। প্যানে অল্প মাখন গরম করে দুই দিক গ্রিল করে নিন হালকা সোনালি হওয়া পর্যন্ত। চাইলে পাউরুটির ধারগুলো বাদ দিয়ে কোনাকুনি কেটে পরিবেশন করুন। চা বা কফির সঙ্গে জমে উঠবে বিকেলের আড্ডা বা জলখাবারের মুহূর্ত!
