আবাসিক পড়ুয়াদের মানসিক চাপ কাটাতে আইআইটি খড়গপুরে নিযুক্ত হলেন নয়া ডিন। নতুন ব্যাচের বি টেক শিক্ষার্থীদের, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির খোঁজখবর রেখে তা কাটাতে সাহায্য করবেন। ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব টেকনোলজির ২৩ কেন্দ্রের মধ্যে খড়গপুরই প্রথম যেখানে, শুধুমাত্র ছাত্র কল্যাণ সংক্রান্ত বিষয় দেখভালের জন্য নিয়োগ করা হয়েছে একজন সিনিয়র প্রফেসর কাম প্রশাসককে।
মাস সাতেকের মধ্যে ক্যাম্পাসে চার-চারজন শিক্ষার্থীর আত্মহত্যা। যা রীতিমতো আতঙ্ক বাড়িয়ে তুলছিল আইআইটি খড়গপুরকে ঘিরে। আবাসিক শিক্ষার্থীদের সব ধরনের সমস্যার পাশে থেকে তা দূর করতে নতুন পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন ডিরেক্টর সুমন চক্রবর্তী। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই এবার তাই নয়া ডিন পেল আইআইটি খড়গপুর।
নয়া পদে নিযুক্ত হয়েছেন আইআইটি-খড়গপুরের সেন্টার ফর ওশান, রিভার, অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্সেসের অধ্যাপক অরুণ চক্রবর্তী। দেশের আইআইটি সেন্টারগুলির মধ্যে তিনিই প্রথম, যিনি শুধুমাত্র ছাত্র কল্যাণ সংক্রান্ত বিষয়গুলি দেখভাল করবেন।
আইআইটি খড়গপুরে এবার থেকে প্রত্যেক আবাসিক শিক্ষার্থী তাঁদের যাবতীয় সমস্যা কাটানোর জন্য পাশে পাবেন ডিন অরুণ চক্রবর্তীকে। রীতিমতো চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণ করে সন্তান-সম শিক্ষার্থীদের বার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, দিন বা রাত, যে কোনও সময়ই তাঁর কাছে আসতে পারবে কিংবা যোগাযোগ করতে পারবে। ছোটখাটো সমস্যা নিয়েও কথা বলতে তাঁর আপত্তি নেই। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরও আতঙ্কের কোনও কারণ নেই।
আইআইটি খড়গপুরের ডিন সুমন চক্রবর্তীর বক্তব্য, ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থীর সামগ্রিক কল্যাণের জন্যেই নতুন পদের সৃষ্টি। আইআইটি খড়গপুর সেন্টারের রয়েছে ২১টি হস্টেল। যেখানে কমবেশি শিক্ষার্থীর সংখ্যা ১৬,০০০। স্টুডেন্ট অ্যাফেয়ারে একজন ডিন থাকা সত্ত্বেও, তাই স্টুডেন্ট ওয়েল বিয়িং পদে একজন আলাদা ডিন। নতুন ডিন শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের দিকে নজর দেবেন, অন্যদিকে ছাত্র বিষয়ক তথা স্টুডেন্ট অ্যাফেয়ারের ডিন হস্টেল এবং শৃঙ্খলার মতো প্রশাসনিক বিষয়গুলি পরিচালনা করবেন।
আইআইটি খড়গপুর কলেজে আগে থেকেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা AI চালিত মানসিক সুস্থতা প্ল্যাটফর্ম বা SETU, বিশাল কাউন্সেলিং সেন্টার। তাছাড়া আছে “ক্যাম্পাস মাদার্স”, স্টুডেন্ট টাস্ক ফোর্স এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ।
