রাজ্যসভা সাংসদ ও দেশের প্রাক্তন আইনমন্ত্রী কপিল সিব্বল শনিবার প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়-এর অনুপস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। তিনি জানান, ২১ জুলাই ধনখড় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন, কিন্তু তারপর থেকে তিনি কোথায় আছেন, সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।
সিব্বল বলেন, “আজ ৯ আগস্ট। ২১ জুলাই উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। তখন থেকে আজ পর্যন্ত আমরা জানিই না উনি কোথায় আছেন। উনি আর অফিসিয়াল বাসভবনেও নেই। প্রথম দিন আমি ফোন করেছিলাম, তাঁর পার্সোনাল সেক্রেটারি বলেছিলেন উনি বিশ্রামে আছেন।”
এরপর কটাক্ষের সুরে তিনি বলেন, “আমি ‘লাপাতা লেডিজ’-এর কথা শুনেছি, কিন্তু ‘লাপাতা ভাইস প্রেসিডেন্ট’ – এই কথা কখনও শুনিনি!”
সিব্বল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র কাছে আবেদন করেন, “দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতির হঠাৎ গায়েব হয়ে যাওয়ার বিষয়ে সরকারকে মুখ খুলতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নিয়ে একটি স্পষ্ট বিবৃতি দিতে হবে।”
এক্স হ্যান্ডেলে পোস্ট করে সিব্বল লিখেছেন, “জগদীপ ধনখড় সম্পর্কে আমরা জানতে চাই, তিনি কোথায় আছেন ? তিনি সুরক্ষিত আছেন তো ? কেন তাঁর সঙ্গে কোন রকম যোগাযোগ করা যাচ্ছে না ? অমিত শাহ জির জানা উচিত। তিনি আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন। দেশের মানুষ তাঁকে নিয়ে চিন্তিত।”
এই নিয়ে আদালতে তিনি ‘হেবিয়াস কর্পাস’ দাখিল করবেন কিনা সে কথাও উল্লেখ করেছেন সিব্বল। ‘হেবিয়াস করপাস’ হল একটি আইনি প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে কোন ব্যক্তিকে বিনা কারণে আটকে রাখা হয়েছে এমন অভিযোগ পেলে, আদালত তাকে সশরীরে হাজির করার নির্দেশ দিতে পারে।
প্রাক্তন আইন মন্ত্রী লিখেছেন, “তাঁর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক ছিল। আইনজীবী হিসেবে একসঙ্গে আমরা বহু মামলায় সওয়াল করেছি। তাঁর খোঁজ পাওয়ার জন্য আমাকে গিয়ে এফআইআর দাখিল করতে হবে, এটা মোটেই ভালো দেখায় না। কিন্তু তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের তরফ থেকেও ওনার সম্পর্কে কোনো রকম খবর পাওয়া যাচ্ছে না।”
প্রসঙ্গত, চলতি বাদল অধিবেশনের প্রথম দিন ২১শে জুলাই রাতেই স্বাস্থ্যের কারণ দেখিয়ে হঠাৎই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পেশ করেন জগদীপ ধনখড়। তবে তাঁকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা তার কোন খবর বা চিকিৎসার বিবরণ নেই। আর তারপর থেকেই তিনি জনসমক্ষেও অনুপস্থিত। আচমকা তাঁর পদত্যাগের কারণ নিয়ে রাজনৈতিক মহলে নানা বিতর্ক তো চলছিলোই। এখন তাঁর কোনরকম খোঁজ না পাওয়া নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
