ডুরান্ড কাপ ফুটবলের নকআউট পর্বে উঠে গেল গতবারের রানার্স মোহনবাগান সুপার জায়েন্ট। গ্রুপ বি-র শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে হারাল ৫-১ গোলের ব্যবধানে। গ্রুপ চ্যাম্পিয়ন টিমের গোলদাতারা হলেন অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ ও জেসন কামিংস। অন্যদিকে ডায়মন্ড হারবারের ব্যবধান কমিয়েছেন লুকা মাজসেন। বিরতিতে মোহনবাগান ২-১ গোলে এগিয়েছিল।
যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবারের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই কড়া হাতে সামলাতে হয়েছে রেফারি ও সহকারী রেফারিদের। চড়া মেজাজের খেলায় অবৈধ ট্যাকেলের দায়ে লাল কার্ড দেখেছেন ডায়মন্ড হারবারের ডিফেন্ডার নরেশ। ম্যাচের শেষ ৪০ মিনিট তাই ১০ জনেই খেলতে হয়েছে জবি জাস্টিন, ক্লেটন সিলভিয়েরাদের।
দুটি করে ম্যাচ খেলে দু-দলের সংগ্রহে ছিল ৬ পয়েন্ট করে। তবে গোলপার্থক্যে এগিয়ে ছিল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। ফলে ড্র নয়, হোসে মোলিনার মোহনবাগানের শেষ আটে সরাসরি পৌঁছতে দরকার ছিল জয়। শনিবার যুবভারতীতে সেই কাজটিই করেছেন সবুজ-মেরুনের ফুটবলাররা।
আই লিগ ২ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবারের কাছ থেকে ৩ পয়েন্ট ছিনিয়ে নিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহনবাগান। ছন্দে থাকা কোলাসোর পাশাপাশি গোলের জন্য ঝাঁপিয়েছেন ম্যাকলারেন, আপুইয়া। ম্যাচের ১৯ মিনিটে সাহালের বাড়ানো পাস থেকে দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন অনিরুদ্ধ থাপা। ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
মোহনবাগানের এই লিড অবশ্য মিনিট চারেকের বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের খেলার ভুল বোঝাবুঝিতে সমতা ফেরান ডায়মন্ড হারবার দলের স্লোভেনিয়ান স্ট্রাইকার লুকা মাজসেন। ওয়ান ইজটু ওয়ান পজিশনে গোল করতে ভুল করেননি লুকা। যুবভারতীর গ্যালারি ভরানো মেরিনার্সদের স্বস্তি দিতে ম্যাচের ৩৫ মিনিটে গোল করেন জেমি ম্যাকলারেন। ২-১ গোলে শেষ হয় খেলার প্রথমার্ধ।
বিরতির পরে ডায়মন্ড ডিফেন্ডারের লালকার্ড ও ছন্দে থাকা লিস্টন কোলাসোর পেনাল্টি থেকে গোল বাগানকে এগিয়ে রাখে ৩-১ গোলে। ম্যাচের ৬৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান সাহাল। লিস্টন ও কামিংস সৌজন্যে পাওয়া পাস থেকে গোল করেছেন। ৪-১ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। কোণঠাসা ডায়মন্ড হারবারের কফিনে শেষ পেরেক গেঁথেছেন জেসন কামিংস। আইএসএলের দ্বিমুকুট জয়ী দল ৫-১ গোলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে সরাসরি পৌঁছে যায় নকআউটে।
