জম্মু ও কাশ্মীরের উপর লেখা ২৫টি বই নিষিদ্ধের সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মুখ্যমন্ত্রী এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন এবং একইসঙ্গে তাঁর দাবি, বই নিষিদ্ধ করার ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। এই সিদ্ধান্ত নিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তবে শুধু মুখ্যমন্ত্রী ওমর নন, গভর্নরের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ভূস্বর্গের বামনেতা ইউসুফ তারিগামি। বই নিষিদ্ধ করার এই সিদ্ধান্তের নিন্দা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে লেফটেন্যান্ট গভর্নরের দাবি, এই বইগুলি বিচ্ছিন্নতাবাদকে উৎসাহ দিচ্ছিল, বিভাজন ছড়াচ্ছিল। তাই নিষিদ্ধ করা হয়েছে।
ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র তনভির সাদিক বলেছেন, বিরুদ্ধ মতকে কেন আমরা ভয় পাব? ইতিহাস সাক্ষী যে, কোনও বই নিষিদ্ধ করলে মানুষের মধ্যে আরও বেশি কৌতূহল তৈরি হয়।মানুষ সেই বই সম্পর্কে আরও বেশি করে জানতে চায়।
অ্যামনেস্টি ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, যে সমস্ত বই নিষিদ্ধ করা হয়েছে সেগুলি লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক, ইতিহাসবিদ, সমাজকর্মী ও শান্তিকর্মীরা। তাই ওই সব বইয়ে বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করা হয়েছে এটা কখনওই হতে পারে না।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, “বই নিষিদ্ধ করার সিদ্ধান্ত এক কাপুরুষোচিত বিষয়। এলজি তাঁর নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমি কখনও বই নিষিদ্ধ করিনি আর করবও না।”
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এক্স পোস্টে লিখেছেন, “বই নিষিদ্ধ করে ইতিহাস মুছে ফেলা যায় না। বরং এটা বিভাজনকে ইন্ধন জোগায়। কাশ্মীরে, গণতান্ত্রিক কণ্ঠস্বর এবং মৌলিক স্বাধীনতা দমন করে বিচ্ছিন্নতাবাদ এবং অবিশ্বাসকে আরও গভীর করে তোলা হচ্ছে।”
সিপিএম নেতা এবং বিধায়ক তারিগামিও ২৫টি বইয়ের উপর নিষেধাজ্ঞার নিন্দায় সরব হয়েছেন। অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারিগামি।
হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান ও ধর্মগুরু মিরওয়াজ ওমর ফারুক বলেছেন, বই নিষিদ্ধ করে ঐতিহাসিক তথ্য এবং কাশ্মীরের মানুষের জীবনের বাস্তব ছবি মুছে ফেলা যাবে না। বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠলেও বই নিষিদ্ধ করার সিদ্ধান্তে অনড় রয়েছে গভর্নর নিয়ন্ত্রণাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের পক্ষ থেকে এদিনও উপত্যকার বিভিন্ন দোকানে নিষিদ্ধ তালিকায় থাকা বইগুলির তল্লাশি চালানো হয়েছে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
