বেশ কিছুটা ধূসর সময়কালের পর হঠাৎই যেন উজ্জ্বল হয়ে উঠেছে ‘ইন্ডিয়া’ শিবির।সৌজন্যে কংগ্রেসের রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডিনার বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের উপস্থিতিতে সবচেয়ে নজর কেড়েছে এই দুই তরুণ তুর্কির আন্তরিক উপস্থিতি। জানা যাচ্ছে ‘ইন্ডিয়া’র বৈঠক ও ডিনার মিলিয়ে ঘণ্টা দুয়েকের পর্বে রাহুল গান্ধীর সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এখানেই বাংলায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-কংগ্রেস সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্ব পেয়েছেন।লোকসভায় তৃণমূলের নেতা মনোনীত হওয়ার জন্য অভিষেককে শুভেচ্ছাও জানিয়েছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতারা৷ এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার থেকে সোনিয়া গান্ধী সকলের সঙ্গেই সম্পর্কের বন্ধন গভীর করার পথে হাঁটতে চাইছেন অভিষেক।জানা গেছে উষ্ণ সম্পর্কের আহহেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন আছেন তা জেনে নিয়েছেন সোনিয়া গান্ধী।অর্থাৎ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ডিনার বৈঠকে ইন্ডিয়া জোটের নেতাদের উপস্থিতিতে তৃণমূল ও কংগ্রেসের নৈকট্যই এখন সকলের নজর কেড়েছে।
অনেকে বলছেন নির্বাচন কমিশনই গোটা বিরোধী শিবিরকে ফের এক হওয়ার দারুণ সুযোগ করে দিয়েছে। সেটি হল নির্বাচন কমিশনের প্রস্তাবিত বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন বা ‘সার’। বিহারের পর বাংলাতেও হতে চলেছে ‘সার’।এই তালিকা সংশোধন করতে গিয়ে একটিও যেন যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাহুল গান্ধীও ভোটে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বোমা ফাটিয়ে চলেছেন। পাশাপাশি রাহুল গান্ধী তার বাসভবনে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘সার’ নিয়ে আলাদাভাবে দীর্ঘ আলোচনা সেরেছেন বলে জানা গেছে।
কাজেই একবছর আগেই কংগ্রেসের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘একলা চলো’ নীতি নিয়ে ফেলেছিলেন তা এখন অন্যদিকে মোড় নিচ্ছে। দিল্লিতে অভিষেক-রাহুলের তৎপরতা ইন্ডিয়া শিবিরে গতি আনার পাশাপাশি বাংলায় কি সম্পর্কের বদল ঘটাবে? দিল্লির দোস্তি কি বাংলায় কুস্তি থেকে কংগ্রেসকে দূরে সরাবে? যদিও সেই অধীর জামানা আর নেই।এখন তুলনায় নরমপন্থী শুভঙ্কর সরকারের কাছে দিল্লি থেকে কী নির্দেশ আসে তার উপরই নির্ভর করবে ছাব্বিশের ভোট বাজারে বাংলার রাজনৈতিক সমীকরণ।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
