সঙ্গীতা বাসফোরদের দেখানো পথে জুনিয়র দলেরও, চমকে দেওয়া সাফল্য। অনূর্ধ্ব ২০ এএফসি ওমেনস এশিয়ান কাপের মূলপর্বে উঠল ভারত । রবিবার ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বী মায়ানমারকে ১-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব ২০ র জাতীয় মহিলা ফুটবল দল। খেলার ২৭ মিনিটের জয়ের গোলটি এসেছে পূজার হেড থেকে।
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে গ্রুপ ডি-এর শেষ ম্যাচে মায়ানমারের মুখোমুখি হয়েছিল ভারত। আর সেখানেই এমন চমকপ্রদ জয় জাতীয় জুনিয়র মহিলা ফুটবল দলের। ম্যাচের দুই অর্ধেই ইয়াং টাইগ্রিসদের আধিপত্য নজর কেড়েছে। এদিনের জয়ের সুবাদে ডি বিভাগে সর্বমোট ৭ পয়েন্ট সংগ্রহ ১ নম্বর স্থানে অনূর্ধ্ব ২০ জাতীয় মহিলা ফুটবল দল।
আক্রমণ- প্রতিআক্রমণে জমজমাট ম্যাচ হয়েছে ইয়াঙ্গুনের মাঠে। নব্বই মিনিটের ম্যাচে পূজা ছাড়াও, নজর কেড়েছেন নেহা, শুভাঙ্গি, সুলাঞ্জনা ও শিবানী দেবী। গোলরক্ষক মোনালিশা দেবী বাঁচিয়েছেন বেশ কয়েকটি নিশ্চিত গোল। ঘরের মাঠে ভরা গ্যালারির সমর্থনে পিছিয়ে পড়েও উজ্জীবীত ফুটবল খেলেছে মায়ানমার। প্রতি আক্রমণ থেকে মাঝেমধ্যেই কাঁপন ধরিয়েছে ভারতের বক্সে। কিন্তু ভারতের জমাট রক্ষণ ও গোলরক্ষক মোনালিশার ক্ষিপ্রতার কাছে শেষমেষ হার মানতে হয়েছে সংগঠক দেশের জুনিয়র মহিলা দলের ।
গত জুলাই মাসেই এফসির ওমেনস এশিয়ান কাপের মূলপর্বে উঠেছে সঙ্গীতা বাসফোরদের জাতীয় মহিলা ফুটবল দল। দিদিদের সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে, এবার দু দশকের মধ্যে প্রথমবার ইতিহাস গড়ল অনূর্ধ্ব ২০-র জাতীয় জুনিয়র টিম।
