বলিউডে এবার আসছে ভারত-ভিয়েতনামের প্রথম যৌথ প্রযোজনা ‘লভ ইন ভিয়েতনাম’। শান্তনু মাহেশ্বরী ও অভনীত কৌর অভিনীত এই রোম্যান্টিক ছবিতে থাকছেন জনপ্রিয় ভিয়েতনামী অভিনেত্রী খা নগান। এই ছবির হাত ধরেই তিনি বলিউডে পা রাখছেন। নির্মাতারা ছবির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করেছেন—এই আবেগঘন প্রেমের গল্পটি মুক্তি পাবে চলতি বছরের আগামী ১২ সেপ্টেম্বর।
বেস্টসেলার উপন্যাস ‘ম্যাডোনা ইন এ ফার কোট’ থেকে অনুপ্রাণিত তৈরি ছবিটির শুটিং মূলত ভিয়েতনামে হয়েছে। এতে রয়েছে আবেগঘন কাহিনি, পারিবারিক বিনোদন, সুরেলা সঙ্গীত ও স্বপ্নিল রোমান্সের দৃশ্য। ছবির গল্পে এক তরুণ ও এক তরুণীর জীবন ও বন্ধুত্বের যাত্রা ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজ বব্বর, গুলশন গ্রোভার ও ফরিদা জলাল।
ছবির পরিচালনা করেছেন রাহাত শাহ কাজমি, এবং নিবেদন করছে জি স্টুডিওস। কান চলচ্চিত্র উৎসবে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। পরিচালক কাজমি বলেন,
“কানে ঘোষণার কয়েক দিন পরই ওমুং কুমারের সঙ্গে দেখা হয়। তিনি আমাকে ভারত-ভিয়েতনামের যৌথ প্রযোজনার প্রস্তাব দেন। আমি সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলি।” নায়িকা অভনীত কৌরের কথায়, “আমি কখনও ভাবিনি আমার আন্তর্জাতিক অভিষেক হবে ভিয়েতনামে। এখানে বাজার এত বড়, যা আগে জানতাম না। এই ছবি ভারত-ভিয়েতনামের সম্পর্ককে আরও মজবুত করবে। প্রায় ৩০-৪০ দিনের দীর্ঘ শুটিং হয়েছে ভিয়েতনামে। দেশটি ঘুরে দেখার জন্য আমি ভীষণ উত্তেজিত। আমার সমস্ত বন্ধুদের ভিয়েতনাম ঘোরা, কিন্তু আমার হয়ে ওঠেনি। এবার আমি সেই সুযোগ পাচ্ছি, তাও এমন বিশেষ ভাবে।” বলিউডও অনস্ক্রিন নতুন জুটির রসায়ন কেমন জমে তা দেখার অপেক্ষায়।
